মোদি দু’পকেট ভরে মিথ্যা কথা নিয়ে আসেন, আর মমতা আঁচল ভরে উন্নয়ন নিয়ে আসেন, অনুব্রত
দি নিউজ লায়ন; "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু’পকেট ভরে মিথ্যা কথা নিয়ে আসেন, আর মমতা আঁচল ভরে উন্নয়ন নিয়ে আসেন। এটাই মোদির সঙ্গে মমতার পার্থক্য।" বুধবার প্রথমে রামনগরে অখিল গিরির সমর্থনে ও সন্ধ্যায় উত্তর কাঁথিতে তরুন জানার সমর্থনে দলীয় সভায় নিজের ভাষনে এভাবেই মোদিকে তীব্র আক্রমন করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। দুটি নিধানসভা কেন্দ্রেই একাধিক সভা করেন অনুব্রত।
প্রতিটি জনসভায় উপচে পড়া ভিড় ছিল। এদিন অনুব্রতবাবু আক্রমণের মূল নিশানা ছিলেন প্রধানমন্ত্রী। অনুব্রত বলেন, উনি কাঁথিতে জনসভায় সম্পূর্ণ মিথ্যা কথা বলে গেলেন। নরেন্দ্র মোদি, তুমি ২০১৪ সালে যা যা বলেছিলে, তার একটাও কিছু করনি। তোমাদের লজ্জা লাগা দরকার। মা-মাটি-মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন, তা-ই করেন। এই ভয়ঙ্কর মিথ্যাবাদী দলটা ত্রিপুরাতে বলেছিল, এক টাকা কেজি চাল দেব। চাকরি দেব।
জানেন, ত্রিপুরার অবস্থা? এরা ত্রিপুরায় ১০হাজার শিক্ষককে চাকরি থেকেই ছাড়িয়ে দিয়েছে। আসাম ও বিহারে এদের একই এজেন্ডা ছিল। কোনও কাজ হয়নি। তাই বলছি, এই দলটাকে বিশ্বাস করবেন না। তাহলে ভয়ঙ্কর ক্ষতি হবে। সুন্দর একটি বাংলা, যা মমতা তৈরি করে রেখেছেন। ২০১১সালে তৃণমূল ক্ষমতায় আসার পর উনি যা যা বলেছেন, তা তা করেছেন। তাই জোড়হাত করে বলব, বিজেপিকে ভোট দিয়ে বাংলার সর্বনাশ করবেন না।
অনুব্রত আরো বলেন,বাংলার মানুষের কথা ভেবে মুখ্যমন্ত্রী বিনা পয়সায় চাল, সবুজ সাথী, যুবশ্রী, কন্যাশ্রী প্রকল্প চালু করেছেন। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে রূপশ্রী থাকবে? কন্যাশ্রী থাকবে? স্বাস্থ্যসাথী থাকবে? কিছুই থাকবে না। এরা হল শয়তান, মীরজাফর, বেইমান। রাংলার মাটি বেইমানের মাটি নয়। এদের বিশ্বাস করবেন না। এরা বাংলাটাকে শেষ করতে আসছে। এরা নজরুল, রবীন্দ্রনাথ, বিবেকানন্দকে চেনে না। এরা বাঙালি নয়।
এরা হিন্দিভাষি। এরা গুজরাটি। এরা বাংলার সংস্কৃতি জানেই না। তিনি বলেন,৩৪বছরের বাম আমলে পশ্চিমবাংলা কী ছিল? আর এই ১০বছরে কী হয়েছে? মিলিয়ে নিন। অনুব্রত মোদির উদ্দেশ্যে প্রশ্ন করেন, আচ্ছা, তোমার লজ্জা লাগে না? তুমি গোটা দেশটাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত শুরু করেছ। ট্রেন, স্টেশন থেকে শুরু করে ব্যাঙ্ক, এলআইসি একের পর এক সম্পত্তি তুমি বিক্রি করে দিচ্ছ। আবার বাংলার মানুষের ভোট চাইতে এরাজ্যে ছুটে আসছ? বাংলার মানুষ এবার নির্বাচনে তোমাকে এবং তোমার দলকে উপযুক্ত জবাব দেবেনই।

Post a Comment