আজই বানিয়ে দেখুন মজাদার সয়াবিন মোগলাই কারি
দি নিউজ লায়নঃ
উপকরণঃ
সয়াবিন ২৫০ গ্রাম,
পেঁয়াজ বাটা (৩ টে মাঝারি),
রসুন বাটা দেড় চা চামচ,
আদা বাটা দেড় চা চামচ,
টম্যাটো - পিউরি (দেড় খানা),
শুকনো লঙ্কার গুঁড়ো এক চা চামচ,
কাশ্মিরী লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী,
হলুদ গুঁড়ো দেড় চা চামচ,
দুধ, (রান্না পুরোটাই দুধে হবে, সেই বুঝে দুধ নিন)
ধনে পাতা - কুচি,
নুন - স্বাদ অনুযায়ী,
তেজপাতা - দুটো,
সর্ষের তেল - মাপ অনুযায়ী,
ঘি - এক টেবল চামচ
গোটা গরম মশলা -
দুটো ছোট এলাচ,
চারটে লবঙ্গ,
আধ ইঞ্চি দারচিনি,
প্রণালীঃ
সয়াবিন জলে ফোটান। বড় , বড় রসগোল্লার মত ফুলে উঠলে জল থেকে তুলে রেখে দিন। নিজে থেকে যা জল ঝরবে ঝরুক, আলাদা করে জল চেপে বার করার দরকার নেই। গ্যাসে কড়া বসিয়ে, কড়া গরম হলে সর্ষের তেল ঢালুন। তেল গরম হলে, যদি ইচ্ছে হয় ঘি মেশান। ঘি পুরো গলে গিয়ে আর একটু গরম হলে তেজপাতা আর গরম মশলা দিন। সেগুলো ভাজা হয়ে সুগন্ধ বেরোলে পেঁয়াজ বাটা দিন, ভালো করে কষে হাল্কা বাদামী রঙ ধরলে টম্যাটো পিউরি দিন। ভালো করে কষুন। এবার রসুন বাটা দিন, কষে নিয়ে আদা বাটা দিন। কিছুক্ষণ ভেজে সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো দিয়ে দিন।
তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিন। কাশ্মিরী লঙ্কার গুঁড়ো টাও দিয়ে দিন। সব এক সাথে কষুন। ভালো করে কষা হলে দুধ দিন। ফুটে উঠলে গ্যাস সিমে করে ঢাকা দিয়ে দিন। মিনিট দশেক রান্না হবে, মাঝে মাঝে ঢাকা তুলে নেড়ে দেবেন কারণ দুধ লেগে গেলে পোড়া গন্ধ বেরোবে। যদি দেখেন ঝোল শুইয়ে যাচ্ছে অল্প গরম জল দেবেন। দশ মিনিট বাদে ঢাকা তুলে আঁচ বাড়িয়ে ট্গবগ করে ফুটিয়ে নিন। এই রান্নাটায় ঝোল থাকবে, তবে চেহারা দেখে বুঝতে পারবেন রান্নাটা হয়েছে কিনা। হয়ে গেলে গ্যাস বন্ধ করে, ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিন।

Post a Comment