বিজেপিতে যোগ দিলেন বনি সেনগুপ্ত
দি নিউজ লায়নঃ ফের তারকা যোগ বিজেপিতে। টলিউড অভিনেতা বনি সেনগুপ্ত এদিন গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। তাঁকে দলে স্বাগত জানিয়েছেন দিলীপ ঘোষ, মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়রা। প্রেমিকা কৌশানি মুখার্জি, মা পিয়া সেনগুপ্ত যদিও তৃণমূলে। এমনকি কৃষ্ণনগরে তৃণমূলের প্রার্থী হিসেবেও লড়ছেন কৌশানি। এর মাঝেই বনি যোগ দিলেন বিজেপিতে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং রাজীব বন্দোপাধ্যায়ের উপস্থিতিতে যোগ দিয়েই বনি বললেন, 'মানুষের জন্য কাজ করার স্বপ্ন ছিল।
স্বপ্ন পূরণ করতে গুরুজনদের নির্দেশ মেনে চলব।' গরিব মানুষের পাশে দাঁড়ানোর এবং তাঁদের হয়ে কাজ করার যে হিড়িক পড়েছে, তাতে টলিপাড়া এখন দ্বিধাবিভক্ত। রাজনীতির জেরে আদৌ ব্যক্তিগত সম্পর্ক বা পুরনো বন্ধুত্ব টিকে থাকবে কিনা সে নিয়েও চিন্তার ভাঁজ সাধারণ মানুষদের। অন্যদিকে দু'দিন আগেই কেক কেটে কৌশানির নতুন পথচলা উদযাপন করেছেন বনি। এর মাঝেই যে তিনি উল্টো পথে হাঁটতে শুরু করবেন, এটা যেন কল্পনাতীত।
এছারাও গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন জয়নগররের তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডলের বোন। তিনি ছাড়াও দক্ষিণ ২৪ পরগনার কুলতলির তৃণমূল ব্লক সভাপতিও বিজেপিতে যোগ দিয়েছেন। রাজনৈতিক নেতাদের পাশাপাশি বিজেপিতে যোগ দিচ্ছেন তারকারাও। বিজেপিতে যোগ দিয়েই ‘পুরস্কার’ পেয়েছেন অভিনেতা হিরণ। গেরুয়া দলের হয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে খড়গপুর সদর কেন্দ্র থেকে লড়বেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়।

Post a Comment