গাইঘাটায় বেআইনি পুকুর ভরাটের কাজ বন্ধ করে দিল প্রশাসন
দি নিউজ লায়নঃ বেআইনিভাবে চলছিল পুকুর ভরাট। স্থানীয়দের অভিযোগ পেয়েই এলাকার পুকুর ভরাটের কাজ বন্ধ করে দিল প্রশাসন। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার চিকনপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে গাইঘাটা থানার চিকনপাড়া মধ্যপাড়া প্রাইমারি স্কুলের পিছনে বহুবছর ধরে প্রায় ১ বিঘার একটি পুকুর রয়েছে। স্থানীয় পলি আচার্য্য নামে এক মহিলা পুকুরের বর্তমান মালিক। এদিন সকাল থেকে বাইরে থেকে মাটি নিয়ে এসে পুকুরটি ভরাট করার চেষ্টা করা হচ্ছিল বলেই অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য সঞ্জীব চৌধুরী সহ এলাকার কয়েকজন। তারাই পুকুর ভরাটের কথা জানান বি এল আর ও দপ্তরে। এরপরেই তৎপর হয় প্রশাসন।ভুমি দপ্তরের আধিকারিকরা এসে বন্ধ করে দেন পুকুর ভরাটের কাজ।
সঞ্জীব চৌধুরী বলেন কিছুদিন ধরেই পুকুরটি ভরাটের কাজ চলছিল। প্রশাসন অভিযোগ পেয়ে এর আগেও একবার বন্ধ করে দিয়েছিল। কিন্তু এদিন ফের পুকুর ভরাট চলছিল। আমরা বিষয়টি প্রশাসনকে জানাতেই ইতিবাচক পদক্ষেপ নিয়েছে প্রশাসন।
ভুমি দপ্তরের আধিকারিক দিলীপ দেবনাথ বলেন পুকুর ভরাট বেআইনি।স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
শ্রমিক ঠিকাদার প্রভাস মৃধা বলেন পুকুরের মালিক কে আমাদের অজানা। স্থানীয় এক মাটি ব্যবসায়ী মাটি ফেলার বরাত দেওয়ায় আমি শ্রমিকদের কাজে লাগিয়েছি।

Post a Comment