অর্জুন সিং-এর বাড়ির সামনে বোমাবাজি, গুরুতর আহত ২ - The News Lion

অর্জুন সিং-এর বাড়ির সামনে বোমাবাজি, গুরুতর আহত ২

 


 দি নিউজ লায়নঃ    ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভাটপাড়ায়। গতরাতে ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে পর পর আট থেকে দশটি বোমা পড়ে। রাতে সাংসদ বাড়িতে ফেরার সঙ্গে সঙ্গেই ফের একটি বোমা ফাটে। কে বা কারা বোমা ছুড়েছে এখনও পর্যন্ত তা স্পষ্ট নয়। এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিস। 


 সূত্রের খবর, বোমার আওয়াজ শুনে বাড়ির বাইরে বেরিয়ে আসেন বিজেপি সাংসদ। যেখানে বোমাবাজি হয়েছে সেই জায়গা খতিয়ে দেখেন তিনি।  অর্জুনের বাড়ির সামনে সবসময় পুলিশ পাহাড়া থাকে। তাছাড়া নিজেও জেড ক্যাটেগরির নিরাপত্তা পান সাংসদ।  তারপরও কীভাবে বোমাবাজি চলে, তা নিয়ে পুলিসের সঙ্গে বচসায় জড়ান অর্জুন সিং।  


বুধবার রাতে উত্তর ২৪ পরগনার জগদ্দল ভাটপাড়ায় দফায় দফায় বোমাবাজিতে এক ১৪ বছরের কিশোরসহ ২ জন গুরুতর আহত হয়েছে। মেঘনা মোড়ের সামনে এই ঘটনা ঘটে যা অর্জুন সিং-এর বাড়ির খুবই সামনে। এদিন অর্জুন বলেন, “আমার বাড়ির বাইরে পুলিশ থাকার পরেও কীভাবে বোমা পড়ছে সেটাই আমি পুলিশের কাছে জানতে চেয়েছি। কিন্তু পুলিশ কোনও উত্তর দিতে পারেনি। কোনও দুষ্কৃতীকে এখনও পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। আমার জেড ক্যাটেগরির নিরাপত্তারক্ষীরা যদি পদক্ষেপ নেয় তাহলে পুলিশ সামলাতে পারবে তো।”


তাঁর আরও অভিযোগ, বেশ কয়েক দিন ধরেই তাঁর বাড়ির বাইরে দুষ্কৃতীরা অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তিনি অনেকবার পুলিশের কাছে সেটা জানিয়েছেন। কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। এই বোমাবাজির ঘটনার কথা নির্বাচন কমিশনকে জানানো হবে বলেও জানিয়েছেন তিনি। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.