মালদায় রহস্যজনকভাবে নিখোঁজ 4 স্কুল পড়ুয়া
দি নিউজ লায়ন; মালদা শহরের প্রাণকেন্দ্র পিরোজপুর এলাকার বাড়ির সামনে থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল চার নাবালক পড়ুয়া। নিখোঁজ চারজনের মধ্যে দুইজন একটি বেসরকারি ইংরেজি মাধ্যমে স্কুলের দ্বিতীয় শ্রেণীতে পাঠরত। অপর দুজন সরকারি প্রাথমিক এবং হাইস্কুলের তৃতীয় ও পঞ্চম শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার নিখোঁজ হয়ে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পিরোজপুর এলাকায়।
এই ঘটনার অভিযোগ দায়ের হয়েছে ইংরেজবাজার থানায়। পরে পুলিশ এলাকায় তদন্তে আসে। পাশাপাশি পুরো বিষয়টি খোঁজ নিয়ে নিখোঁজ ছাত্রের পরিবারের সঙ্গে কথা বলেছেন সংশ্লিষ্ট এলাকার প্রাক্তন কাউন্সিলর শিপ্রা রায় । নিখোঁজ ছাত্রদের পরিবারের অভিযোগ , তাদের ছেলেকে কেউ বা কারা অপহরণ করেছে। এই ঘটনায় শহর জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ছাত্রের নাম ইশাক শেখ (১২), আরমান শেখ (১১)।
রৌনক শেখ (৯) এবং ইরফান শেখ (৮)। ইসাক এবং আরমান মডেল মাদ্রাসা এবং টাউন ইস্কুলের পাঠরত। বাকি দুইজন শহরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যমের ছাত্র। নিখোঁজ নাবালক পড়ুয়াদের অভিভাবকদের বক্তব্য , এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ বাড়ির সামনে রাস্তায় ওই চারজন বন্ধু মিলে খেলা করছিল। কিন্তু দুপুর গড়িয়ে যাওয়ার পরেও ছেলেরা বাড়িতে ফিরে না আসায় তাদের খোঁজ শুরু করি। কিন্তু কোনোরকম সন্ধান পাওয়া যায় নি। এরপরই গোটা এলাকায় শোরগোল পড়ে যায়।
হঠাৎ করে ওই চারজন পড়ুয়া কিভাবে নিখোঁজ হয়ে গেল কিছুই বুঝে উঠতে পারছেন না পরিবারের লোকেরা। ছেলেকে হারিয়ে কান্নায় ফেটে পড়েছেন নিখোঁজ নাবালক পড়ুয়াদের অভিভাবকেরা। পাশাপাশি ওই নিখোঁজ ছাত্রের ছবি এবং ঠিকানা দিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন পরিবারের সদস্যরা। ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায় জানিয়েছেন , পিরোজপুর এলাকা থেকে চার নাবালক ছাত্রের নিখোঁজের অভিযোগ দায়ের হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Post a Comment