মালদার দুই প্রাক্তন মন্ত্রীর ওপরই আস্থা রাখল তৃণমূল
দি নিউজ লায়নঃ মালদার দুই প্রাক্তন মন্ত্রীর ওপরই আস্থা রাখলো তৃণমূল নেতৃত্ব। রাজ্যের প্রাক্তন দুই মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী এবং সাবিত্রী মিত্রকে ইংরেজবাজার এবং মানিকচক বিধানসভা কেন্দ্রে প্রার্থী করে এবার নির্বাচনী লড়াইয়ে নতুন সমীকরণ তৈরি করার পরিকল্পনা নিয়েছে তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি ইংরেজবাজারের বর্তমান বিধায়ক নিহার ঘোষকে চাঁচল বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে। এছাড়াও এবারে মালদার ১২ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রে নতুন মুখ আনা হয়েছে।
সেগুলি হল - বৈষ্ণবনগর কেন্দ্রের চন্দনা সরকার, সুজাপুরে আব্দুল গনি, গাজোলে বাসন্তী বর্মন, হবিবপুরে সরলা মুর্মু। এবারে মালদার ১২ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে পাঁচ জন মহিলা প্রার্থী হয়েছেন। এদিন ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রে কৃষ্ণেন্দু চৌধুরীর নাম ঘোষণা হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন দলের কর্মী, সমর্থকেরা। রীতিমতো মালদা শহরের নেতাজি সুভাষ রোড এলাকায় আতশবাজি পুড়িয়ে শুভেচ্ছা জানান মমতাকে। চাঁচলে প্রার্থী হয়েছেন নিহার রঞ্জন ঘোষ ।
তিনি ইংরেজবাজারের বিধায়ক ছিলেন। এদিন কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, আমি এর আগে তিনবারের বিধায়ক পদের দায়িত্ব সামলেছি। রাজ্যের মন্ত্রী দায়িত্বও সামলিয়েছে। তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ , উনি আমাকে এই কেন্দ্রের প্রার্থী করেছেন। এখন আমার কাছে এই আসনে নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রীকে উপহার হিসেবে দিতে চাই। ভাজপা, সিপিএম-কংগ্রেসকে পরাজিত করে মানুষ উন্নয়নের পক্ষে রায় দেবে। নিহার ঘোষ বলেন, দলনেত্রী মমতা যা ভালো বুঝেছেন সেটাই করেছেন। আমার কাছে চাঁচোল নতুন জায়গা নয় । বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে আমি ওই বিধানসভা কেন্দ্রে গিয়েছি। চাচোলে এবারের লড়াইটা অন্যরকম হবে। সেখানে ১০০ শতাংশ তৃণমূল জয়ী হবে বলে আশা করছি।'
তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ মৌসুম নূর জানিয়েছেন , মুখ্যমন্ত্রী মালদার বারোটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছেন । নবীন-প্রবীণ সকলকে মিলিয়ে প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে। এজন্য আমরা এখন থেকেই নির্বাচনে লড়াইয়ের জন্য প্রস্তুত। এবার মালদার সবকটি আসন মুখ্যমন্ত্রীকে উপহার হিসেবে তুলে দিতে চাই।

Post a Comment