তরাই ডুয়ার্সের রাজনৈতিক প্রেক্ষাপট জুড়ে ছায়ার মতো অবস্থান মিশ্র পরিবারের
দি নিউজ লায়নঃ তরাই ডুয়ার্সের রাজনৈতিক প্রেক্ষাপট জুড়ে ছায়ার মতো অবস্থান মিশ্র পরিবারের। উত্তরবঙ্গের চা শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠাতা নেতা শহীদ পিতা ঘনশ্যাম মিশ্রের জীবনও অবদান নিয়ে স্মারক গ্রন্থ সামনে এনে নিজের বহিরাগত তকমা চিরতরে মুছে দিলেন শিলিগুড়ি বিধানসভার তৃনমূল প্রার্থী ওম প্রকাশ মিশ্র। রবিবার শিলিগুড়িতে শহীদ ঘনশ্যাম মিশ্রের স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করে তৃনমূল প্রার্থী ওম প্রকাশ মিশ্র ও তার পরিবার এবং বঙ্গরত্ন প্রাপ্ত বিশিষ্ট অধ্যাপক ড.আনন্দ গোপাল ঘোষ।
যদিও এদিন মোড়ক উম্মোচন অনুষ্ঠানের শুরুতেই মিশ্র পরিবার,অধ্যাপক আনন্দ গোপাল ঘোষ ও বিশিষ্টবর্গরা জানিয়ে দেন কোনো রাজনৈতিক আলোচনা বা রাজনীতির রঙ এই অনুষ্ঠানে নেই। গ্রন্থটির সম্পাদনা করেছেন শহীদ ঘনশ্যাম মিশ্রের জ্যেষ্ঠ পুত্রবধূ রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মিনতি দত্ত মিশ্র, গোপাল লাহা, ড.পৌলমী ভাওয়াল। তারা জানান ঘনশ্যাম মিশ্র ডুয়ার্স ও উত্তরবঙ্গ ব্যাপী চা মজদুর ইউনিয়নের প্রতিষ্ঠাতা।
কিন্তু চা শ্রমিকদের স্বার্থে লড়াকু সমাজতন্ত্র দলের এই নেতার ওপর তৎকালীন শাসক বাম শিবিরের রক্তচক্ষু এসে পড়ে। প্রথমে নিখোঁজ এরপর তার হত্যার খবর মেলে। গ্রন্থটির সম্পাদক হিসেবে মিনতি দত্ত মিশ্র বলেন একজন জনদরদী নেতা গুপ্ত হত্যার শিকার হন ১৯৬৬সালে। তার চোখ উপড়ে, হাত পা ভেঙে দিয়ে পরিত্যক্ত সেনা ক্যাম্পে পুঁতে রাখা হয় পরে মূর্তি নদীতে ভাসিয়ে দেওয়া হয় দেহ। অন্যদিকে তার নিখোঁজের টানা ২২দিনের মাথায় বিষক্রিয়ায় মৃত্যু হয় ওম প্রকাশ বাবুর মা তথা লড়াকু শ্রমিক নেতা ঘনশ্যাম মিশ্রের স্ত্রী মনোরমা মিশ্রের।
তবে তার চিন্তাভাবনার ছায়া ও লড়াই চিরতরে রাজনৈতিক প্রেক্ষাপটে ছাপ রেখে যায় শুধু মালবাজার নয় গোটা উত্তরবঙ্গ জুড়ে। অনাথ ওম প্রকাশ মিশ্র ও তার তিন ভাই মালবাজার সিজার স্কুলের প্রতিষ্ঠাতা ফাদার জন থয়েটসের কাছেই লালিটপালিত হন। এই অনাথ চার ভাইয়ের জন্যই ফাদার মূলত প্রথম মালবাজারের এই স্কুল শুরু করেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত বিশিষ্ট অধ্যাপক তথা বঙ্গরত্ন প্রাপ্ত ড.আনন্দ গোপাল ঘোষ বক্তব্য রাখতে গিয়ে বলেন এই আলোচনা কোনো রাজনৈতিক আলোচনা নয় তবে ওম প্রকাশকে বহিরাগত বললে আমি আহত হই।
কারন সে উত্তরবঙ্গেরই উজ্জ্বল ছাত্র।তারা সকলে শুধু এখানকার মানুষ নয়, উত্তরবঙ্গের রাজনৈতিক চড়াই উৎরাই আন্দোলনের প্রেক্ষাপটে জুড়ে তাদের পরিবারের বিস্তৃতি রয়েছে। ওম প্রকাশ মিশ্র জানান আমি মানুষের জন্য যে কাজ করতে চাই তার অনুপ্রেরণা শহীদ পিতার থেকেই। তার পথকেই অনুসরণ করে তার মূল্যবোধ নিয়েই এগিয়ে যাচ্ছি।

Post a Comment