প্রসববেদনায় কাতর গাভির পেট ৭১ কেজি বর্জ্য
দি নিউজ লায়নঃ হরিয়ানার ফরিদাবাদে প্রসববেদনায় কাতর একটি গাভির পেট থেকে ৭১ কেজি বর্জ্য অপসারণ করেছেন একদল পশু চিকিৎসক। তাও বাঁচানো যায়নি বাছুর ও গাভি কাউকেই। ট্রাস্টের প্রেসিডেন্ট রবি দুবে জানান, গাভিটির পেট অস্বাভাবিক ফোলা ছিল। ২১ ফেব্রুয়ারি গাভিটির অস্ত্রোপচার করা হয়। ৪ ঘণ্টার অস্ত্রোপচারে পেট থেকে ৭১ কেজি বর্জ্য অপসারণ করা হয়।
এর মধ্যে প্লাস্টিক, ছোট লোহার টুকরা, পেরেক, মার্বেলসহ নানা জিনিস ছিল। হরিয়ানার এ গাভি ফেব্রুয়ারিতে সড়ক দুর্ঘটনার শিকার হয়। মারাত্মক আহত অবস্থায় পশুটিকে উদ্ধার করে ফরিদাবাদের অ্যানিমেল ট্রাস্ট। এ সময় গাভিটি গর্ভবতী ছিল। রবি দুবে বলেন, গাভিটির পেট বর্জ্যে পূর্ণ থাকায় বাছুরটির বিকাশ বাধাগ্রস্ত হচ্ছিল। এ কারণে আমরা নির্দিষ্ট সময়ের আগেই প্রসব করানোর সিদ্ধান্ত নিই। কিন্তু বাছুরটিকে বাঁচানো সম্ভব হয়নি।
এর তিন দিন পর মারা যায় গাভিটিও। তিনি জানান তার ১৩ বছরের অভিজ্ঞতায় কোনো পশুর পেট থেকে এত পরিমাণ বর্জ্য অপসারণের ঘটনা এটাই প্রথম।

Post a Comment