দলীয় ঝান্ডা খুলে দেওয়ার প্রতিবাদ করায় তৃণমূল কর্মীদের মারধর, অভিযোগ আইএসএফের বিরুদ্ধে
দি নিউজ লায়নঃ দলীয় ঝান্ডা খুলে দেওয়ার প্রতিবাদ করায় তৃণমূল কর্মীদের মারধর করার অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে। উভয়পক্ষের মারামারিতে ১২ জন গুরুতর জখম হন।ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ভাঙড় থানার চন্দনেশ্বরের কাশিনাথপুর গ্রামে। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন ক্যানিং পূর্ব বিধানসভার আইএসএফ প্রার্থী গাজী শাহাবুদ্দিন সিরাজীর সমর্থনে ওই এলাকায় মিছিল করে সংযুক্ত মোর্চা। আইএসএফ প্রার্থী নিজে উপস্থিত থেকে এলাকায় নির্বাচনী প্রচার করেছিলেন। অভিযোগ সেই সময় আইএসএফ কর্মীরা তৃণমূলের দলীয় পতাকা, ফ্ল্যাগ,ফেস্টুন খুলে ফেলে দিচ্ছিল। এই ঘটনার প্রতিবাদ জানান এলাকার তৃণমূল কর্মীরা। এই নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি-মারামারি বেধে যায়।
আইএসএফ কর্মীরা লাঠি, বাঁশ, রড নিয়ে তৃণমূল কর্মীদের ওপর চড়াও হয়। এই ঘটনায় তৃণমূল কর্মী আতা ঘরামি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ভাঙড় থানার পুলিশ। উভয়পক্ষকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি উঁচিয়ে তেড়ে যায়। আহতদের উদ্ধার করে পুলিশ নলমুড়ি ব্লক হাসপাতালে নিয়ে যায়। আতা ঘরামির মাথায় বারোটি সেলাই পড়ে।তার অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পরে খবর পেয়ে আহত তৃণমূল কর্মীদের দেখতে আসেন ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা।
তৃণমূল প্রার্থী শওকত মোল্লা বলেন, এই এলাকায় এসে আইএসএফের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী উস্কানি দিয়ে যাওয়ার পর থেকে গন্ডগোল শুরু হয়েছে। ক্যানিং পূর্বের শান্ত মাটিকে তারা অশান্ত করতে চাইছে। তারা নির্বাচনী প্রচারের নামে আমাদের দলীয় পতাকা খুলে দেয়। আমাদের কর্মীরা প্রতিবাদ করলে ওরা পরিকল্পিতভাবে কর্মীদের মারধর শুরু করে। এই ঘটনায় আমাদের ৬-৭ কর্মী গুরুতর জখম হয়েছেন।
অভিযোগ উড়িয়ে দিয়ে আইএসএফের ভাঙড় ১ ব্লকের সভাপতি শরিফুল মোল্লা বলেন, ওরা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছে। আসলে ওদের এই এলাকা থেকে পায়ের তলার মাটি সরে যাচ্ছে। তাই এইসব মিথ্যা কথা বলছে। ওদের মারে আমাদের বেশ কয়েকজন কর্মী জখম হয়েছে। পুলিশ অন্যায় ভাবে আমাদের দুজন কর্মীকে গ্রেফতার করেছে।

Post a Comment