খুনের ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল পুরাতন মালদা, পুলিশের গাড়ি ভাঙচুর রাজ্য সড়ক অবরোধ
দি নিউজ লায়নঃ এক ব্যক্তির খুনের ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ী ঘোষপাড়া এবং রসিলাদাহা এলাকা । সোমবার সকালে মৃতের পরিবারকে না জানিয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার প্রতিবাদ জানিয়ে ঘোষপাড়া এলাকার মালদা - নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান পরিবার এবং প্রতিবেশীদের একাংশ । এমনকি অবরোধ তুলতে গেলে পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পাশাপাশি এই খুনের ঘটনায় জড়িত অভিযুক্তদের বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
যদিও এই খুনের ঘটনার বিষয়ে অভিযুক্ত এক দম্পতি পুরাতন মালদা থানার পুলিশ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি পুলিশের গাড়ি ভাংচুরের ঘটনায় সংশ্লিষ্ট থানার পুলিশ একটি শুভোমটো মামলাও দায়ের করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পরকীয়া সম্পর্কের জেরে খুন হয়েছে মঙ্গলবাড়ি ঘোষপাড়া এলাকার জনৈক বাসিন্দা লক্ষণ ঘোষ (৩৩)। যদিও এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন মৃতের পরিবার ।
পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুরাতন মালদা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম লক্ষণ ঘোষ । তার বাড়ি পুরাতন মালদা পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ী ঘোষপাড়ায় । পরিবারে স্ত্রী-সন্তান বাবা-মা সকলেই রয়েছেন। ওই ব্যক্তির বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে রসিলাদহ এলাকার বেহুলা শ্মশান ঘাটে বাউল মেলা চলছে। সেখানে রবিবার রাতে গিয়েছিলেন লক্ষণ ঘোষ । এরপর সোমবার সকালে তার দেহ উদ্ধার হয় ওই এলাকার একটি বাড়ির ঝোপ থেকে।
এদিকে লক্ষণ ঘোষের খুনের ঘটনা জানাজানি হতেই তার পরিবার এবং একাংশ প্রতিবেশীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাদের না জানিয়ে সাতসকালে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজের মর্গে নিয়ে চলে যায় । আর তারই প্রতিবাদ জানিয়ে এদিন সকালে ঘোষপাড়া এলাকার রাজ্য সড়ক অবরোধ করে মৃতের পরিবার এবং পাড়া-প্রতিবেশীদের একাংশ। সেখানেই তদন্তে পুলিশ গেলে ক্ষিপ্ত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ।
পাশাপাশি যে বাড়ি থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয় সেই বাড়ির দুটি ঘর পুড়িয়ে দেয় মৃতের একাংশ প্রতিবেশীরা বলে অভিযোগ। এই ঘটনাটি নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নেশা জাতীয় কোন পদার্থ খাইয়ে বেহুশ করে করার পর ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। যদিও এই ঘটনার পর রসিলাদহ এলাকার বাসিন্দা আদুরী দাস এবং তার স্বামী কিশোর দাসকে গ্রেপ্তার করেছে পুরাতন মালদা থানার পুলিশ।
আদুরি দাসের বাড়ি সংলগ্ন এলাকায় একটি তেলেভাজার দোকান রয়েছে। লক্ষণ ঘোষ জমি জায়গা ব্যবসা করতেন। সেই সূত্রেই ওই মহিলার দোকানে যাতায়াত থেকে পরিচয় হয় লক্ষ্মণ ঘোষের। এইপরই পরকীয়ার সম্পর্কের বিষয়টি সামনে উঠে আসে। এরপরই এই খুনের ঘটনাটি ঘটে এই ঘটনার পিছনে ওই দম্পতির পরিবারের সঙ্গে মোটা টাকার আর্থিক লেনদেনের যুক্ত থাকতে পারে বলেও অনুমান তদন্তকারী পুলিশ কর্তাদের।

Post a Comment