মমতার মাটিতে যোগীর হুঙ্কার
দি নিউজ লায়নঃ আজ বাংলায় যোগী আদিত্যনাথ। পুরুলিয়াতে সভা করেন তিনি। পুরুলিয়ার বলরামপুরের নির্বাচনী প্রচার সভা থেকে আজ ফের হিন্দুত্বের কার্ড খেললেন যোগী আদিত্যনাথ। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে কটাক্ষ করে বলেন, "জয় শ্রী রাম স্লোগানে মমতাদিদির অস্বস্তি হয়। কিন্তু মমতা ব্যানার্জিকেও এখন চণ্ডীপাঠ করতে হচ্ছে। মন্দিরে মন্দিরে যেতে হচ্ছে। এটাই বিজেপির কৃতিত্ব।"
পাশাপাশি, বলরামপুরের সভা থেকে রাজ্যে তৃণমূল কংগ্রেসের শাসনকালে আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে বলেও তোপ দাগেন যোগী আদিত্যনাথ। জোর সওয়াল করেন রাজ্যে বিজেপি সরকার গঠনের পক্ষে। বলেন,"বাংলাকে শেষ করে দিচ্ছে তৃণমূল। বাংলায় অরাজকতা চলছে। তবে মোদীর হাত ধরে বাংলায় এবার সুদিন ফিরবে। যে সকল কার্যকর্তা শহিদ হয়েছেন বাংলায়, তাঁদের এবার আমাদের ন্যায় পাইয়ে দিতেই হবে।"
একইসঙ্গে যোগী আরও বলেন, "বঙ্গ ভোটের প্রচারে আমি শরিক হতে চেয়েছিলাম। সবাই ভেবেছিলেন, আমার সভায় ভিড় হবে না। কপ্টার থেকে দেখছিলাম, কর্মীদের সভায় আসার জন্য আটকানো হচ্ছে। কিন্তু এখন আমার সভায় জনসমুদ্র। আমি জানতাম, সব বাধা টপকে কর্মীরা সভায় আসবেন। কেউ আটকাতে পারবে না।"

Post a Comment