আমি এক পায়ে যে শট মারবো, তাতে মাঠের বাইরে ফেলে দেবো, বললেন মমতা
দি নিউজ লায়ন ; বিনা পয়সার চাল্ পেয়ে ৯০০ টাকার গ্যাসে ফোটাবো নাকি? পশ্চিমবঙ্গের পুরুলিয়াতে ভোট প্রচারে নেমে এভাবেই ভারতের কেন্দ্রীয় মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, আজকে গ্যাসের দাম ৯০০ টাকা। মানুষ বিনা পয়সায় চাল পেলে তা ফোটাতে কি ৯০০ টাকা দিয়ে গ্যাস কিনবেন? নরেন্দ্র মোদী সব খেয়ে নিয়েছে। আমরা বিনা পয়সায় চাল দিলে ওদেরও বিনা পয়সায় গ্যাস দিতে হবে।
মমতা এদিন বিজেপি নেতাদের কটাক্ষ করে বলেন, এখনকার বিজেপি নেতাদের দেখুন, আগে যারা একটা বিড়ি দিনে তিনবার টানতো, এখন তারা আঙুল ফুলে কলাগাছ। কোথায় পাচ্ছে এতো টাকা? দেশে আজ একটাই কারখানা চলছে, তা হলো মোদীর মিথ্যে বলার কারখানা। মমতা বাংলার নারীদের উদ্দেশ্যে বলেন, এবারের ভোটে বাংলায় বহিরাগতদের দেখলে হাতা খুন্তি নিয়ে তাড়া করবেন মা বোনেরা। হাতা খুন্তি নিয়ে এবারে বাংলার ভোটে খেলা হবে।
মমতা দাবি করেন, বিজেপি ইস্তেহারে অনেক কথা বলবে, কিন্ত বাস্তবে কিছুই করবে না। তিনি মোদী অমিত শাহদের কার্যত কটাক্ষ করে বলেন, দানব, দৈত্য, রাবণ থেকে সাবধান। যারা হিন্দু মুসলমান ভাগ করতে চাইছে তাদের থেকে সাবধান। বিজেপি ভেবেছিলো আমাকে পায়ে মেরেছে, আমি আর বের হতে পারবো না। কিন্ত আমি এক পায়ে যে শট মারবো, তাতে মাঠের বাইরে ফেলে দেবো।
মমতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, ভোটের মেশিন ভালো করে পরীক্ষা করে নেবেন। অন্তত দুইবার মেশিন অফ অন করে দেখবেন। ভোটের মেশিন পাহারা দিতে হবে। কেউ বিজেপির হাতের খাবার খাবেন না। ঘুমের ওষুধ মিশিয়ে দিতে পারে। মমত বলেন, নির্বাচনের আগে বিজেপি টাকা দিয়ে বলবে ভোটটা বিজেপিতে দিস। ফলে, সাবধান কেউ টাকা নিয়ে ভোট দেবেন না।

Post a Comment