IIT খড়্গপুরের গবেষকদের দূষণমুক্ত ‘আত্মনির্ভর ভারত’ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর - The News Lion

IIT খড়্গপুরের গবেষকদের দূষণমুক্ত ‘আত্মনির্ভর ভারত’ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

 


দি নিউজ লায়নঃ     ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার প্রযুক্তিবিদ্যার অন্যতম শ্রেষ্ঠ পীঠস্থান আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) এর ৬৬ তম সমাবর্তন উপলক্ষে ভার্চুয়ালি উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, আইআইটি খড়্গপুরের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা, ডাইরেক্টর ভি.কে. তেওয়ারি প্রমুখ। করোনা পরিস্থিতির কারণে, এই বছরের সমাবর্তন অনুষ্ঠানে পদক প্রাপক ৭৫ জন ছাত্র-ছাত্রী সশরীরে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থাকলেও, প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী ভার্চুয়ালি বা অনলাইন মাধ্যমেই উপস্থিত ছিলেন। 


এছাড়াও, প্রায় ২৮০০ জন ছাত্র-ছাত্রী, গবেষক-গবেষিকা ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যোগ দিলেন। কৃতী ছাত্র-ছাত্রীদের মধ্যে ৯ জনকে স্বর্ণপদক এবং ৬৬ জনের হাতে রৌপ্যপদক তুলে দেওয়া হয়। একই সঙ্গে সাম্মানিক ডি.এস.সি ডিগ্রি ও বিশেষ প্রাক্তনী সম্মান প্রদান করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে আইআইটি খড়্গপুরের ছাত্র-ছাত্রী তথা গবেষক-গবেষিকাদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার IIT খড়্গপুরের পড়ুয়াদের সার্টিফিকেট প্রাপ্তির ঘটনাকে “১৩০ কোটি দেশবাসীর আকাঙ্খার প্রতীক” হিসেবে মন্তব্য করেছেন। নিজের বক্তব্যে তিনি বলেন, “IIT খড়্গপুর যে স্থানে গড়ে উঠেছে, তা স্বাধীনতা আন্দোলনের মহান অতীতের সঙ্গে জড়িত। আইআইটি’র গবেষকদের দিকে শুধু এই শিক্ষা প্রতিষ্ঠান বা তাঁদের বাবা-মা নয়, ১৩০ কোটি ভারতবাসী তাকিয়ে আছে। 


আত্মনির্ভর ভারত তাঁরাই গঠন করতে পারেন। ভারত এখন সোলার বিদ্যুত তৈরিতে প্রথম সারিতে। কিভাবে একে কাজে লাগিয়ে জ্বালানি তৈরি করা যায়, তাও আবিষ্কার করতে হবে আইআইটি’র গবেষকদের। আমি আশা করছি, আইআইটি’র গবেষকরাই পেট্রোল-ডিজেলের বিকল্প হিসেবে দূষণমুক্ত জ্বালানি আবিষ্কার করবে।” অপরদিকে, আইআইটি খড়্গপুরের পড়ুয়াদের প্রাচীন জ্ঞান-বিজ্ঞান ও ঋগ্বেদ চর্চারও প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.