চন্দ্রকোনার পোস্ট অফিসে গ্রাহকদের বিক্ষোভ
দি নিউজ লায়নঃ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার কুঁয়াপুর সাব পোস্ট অফিসের গ্রাহকদের টাকা আত্মসাতের ঘটনায় প্রায় একবছর কেটে গেলেও কোনও সুরাহা না হওয়ায় ফের বিক্ষোভে গ্রাহকরা।শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ ব্লকের চন্দ্রকোনা পৌরসভার ২ নং ওয়ার্ড মিত্রসেনপুর এলাকায় থাকা চন্দ্রকোনা পোস্ট অফিসের গেট আটকে বিক্ষোভ শুরু করে চন্দ্রকোনার কুঁয়াপুর এলাকার ৩২ জন গ্রাহক।
পুরুষ মহিলা এমনকি বয়স্ক বৃদ্ধ বৃদ্ধারাও এদিন হাজির হয় চন্দ্রকোনা পোস্ট অফিসে।আত্মসাৎ হওয়া গ্রাহকদের দাবি,একবছর আগে কুঁয়াপুর সাব পোস্ট অফিসের তৎকালীন পোস্ট মাস্টার অরুপ দোলই এবং চন্দ্রকোনা পোস্ট অফিসের পোস্ট মাস্টার অরুনাভ মল্লিক কু্ঁয়াপুর সাব পোস্ট অফিসের শতাধিক রেকারিং গ্রাহকের জমানো টাকা জালিয়াতি করে তুলে নেয়।
এনিয়ে আগে আন্দোলনও হয় এবং একাধিক প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগও করা হয়েছিল।ঘটনায় চন্দ্রকোনা থানার পুলিশ তদন্ত শুরু করে এবং কুঁয়াপুর সাব পোস্ট অফিসের পোস্ট মাস্টার গ্রেফতার পর্যন্তও হয়।কিন্তু একবছর কেটে গেলেও সহায়সম্বলহীন মানুষদের জমানো টাকা এখনও ফেরত না মেলায় সমস্যায় পড়তে হচ্ছে তাদের।
৩২ জন গ্রাহকের ১৫ লক্ষ ৯৭ হাজার ৯৩৩ টাকার ছিঁটেফোঁটা না মেলায় তারা এদিন সকাল থেকে চন্দ্রকোনা পোস্ট অফিসের গেটের সামনে বিক্ষোভ শুরু করে,অফিসের এক কর্মী গেট খুলতে গেলেও বাধা দেওয়া হয়।পরে ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনা টাউন থানার পুলিশ,পোস্ট অফিসের বর্তমান ইনচার্জ।
বিক্ষোভকারীদের সাথে পুলিশের দীর্ঘ আলোচনার পর পুলিশের উপস্থিতিতে খুলে দেওয়া হয় পোস্ট অফিসের গেটের তালা।ইতিমধ্যে একবছর আগের ওই ঘটনায় তদন্ত এখনও চলছে,কিছু কিছু মানুষের টাকা ফেরতও দেওয়া শুরু হয়েছে,দ্রুত এই ৩২ জন গ্রাহকের টাকা ফেরতের জন্য চন্দ্রকোনা পোস্ট অফিস সহ ডিভিশন অফিসে লিখিত আবেদন করার পরামর্শ দেওয়া হয় এবং দ্রুত টাকা ফেরতের আশ্বাস মিলতেই উঠে যায় বিক্ষোভ।

Post a Comment