নির্বাচনে প্রস্তুতি জেলা প্রশাসনের
দি নিউজ লায়নঃ সরকারিভাবে আগামী ২০২১ এর নির্বাচনের নির্ঘণ্ট এখনো পর্যন্ত ঘোষণা না হলেও ইতিমধ্যেই নির্বাচন পরিচালনার প্রস্তুতি শুরু করে দিয়েছে জেলা প্রশাসন। নির্বাচনের আগেই রাজ্যে পা রেখেছে বেশ কয়েক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। যার ফলে প্রশাসনের পক্ষ থেকে কার্যত যুদ্ধকালীন তৎপরতায় রানাঘাট ব্লকের অন্তর্গত তাঁরাপুর অঞ্চল সহ জেলার বিভিন্ন এলাকার স্কুল ও সরকারি আবাসন কে চিহ্নিত করে স্যানিটাইজেসনের কাজ শুরু করতে দেখা গেল দমকল বাহিনীকে।
আগামী নির্বাচনের আগে এই প্রস্তুতি মূলত ইঙ্গিত দিচ্ছে যে, এই স্কুল সহ সরকারি ভবন গুলোতেই থাকবেন নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। নদীয়া জেলা জুড়ে একাধিক স্কুল ও সরকারি আবাসন গুলোতে তারই প্রস্তুতি শুরু হলো আজ মঙ্গলবার সকাল থেকে।
রাজনৈতিকভাবে আগামী নির্বাচন কে কেন্দ্র করে তাদের দলীয় কর্মসূচি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি । নির্বাচনের প্রাক্কালে বিগত দিনে রাজনৈতিকভাবে রাজ্যজুড়ে যে রক্তক্ষয়ী চিত্র বারংবার উঠে এসেছে জেলা ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, তার মধ্যেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি অনেকটাই স্বস্তি ফেরাবে সাধারণ রাজ্যবাসীর বলেই মনে করা হচ্ছে।।

Post a Comment