মৃত মইদুলের পরিবারের হাতে চাকরীর নিয়োগপত্র তুলে দিলেন রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা, খুশি পরিবার - The News Lion

মৃত মইদুলের পরিবারের হাতে চাকরীর নিয়োগপত্র তুলে দিলেন রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা, খুশি পরিবার

 


দি নিউজ লায়ন;    নবান্ন অভিযানে গুরুতর জখম হয়ে মৃত মইদুল ইসলামের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের হাতে সরকারি চাকরীর নিয়োগপত্র তুলে দিলেন পঞ্চায়েত দফতরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা। আজ বিকালে বাঁকুড়ার কোতুলপুর থানার চোরকোলা গ্রামে মইদুলের বাড়িতে যান  মন্ত্রী শ্যামল সাঁতরা,  বাঁকুড়ার জেলা শাসক কে রাধিকা আইয়ার, পুলিশ সুপার কোটেশ্বর রাও সহ বাঁকুড়া জেলা পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। মন্ত্রী সহ আধিকারিকরা এদিন মইদুল ইসলাম মিদ্যার স্ত্রীর হাতে রাজ্য পুলিশের হোমগার্ডের চাকরীর নিয়োগপত্র তুলে দেন।


 পুলিশ সূত্রে জানা গেছে আজ থেকেই কাজে যোগ দিচ্ছেন মইদুল ইসলাম মিদ্যার স্ত্রী আলিয়া বিবি ওরফে মামনি খাতুন। বাঁকুড়ার কোতুলপুর থানাতেই তাঁকে পোস্টিং দেওয়া হয়েছে। গত ১১ ফেব্রুয়ারি নবান্ন অভিযানে গিয়ে গুরুতর জখম হন কোতুলপুর থানার চোরকোলা গ্রামের বাসিন্দা পেশায় টোটো চালক বাম যুব কর্মী মইদুল ইসলাম মিদ্যা। কলকাতার একটি বেসরকারী নার্সিংহোমে চিকিৎসারত অবস্থায় ১৫ ফেব্রুয়ারী সকালে তাঁর মৃত্যু হয়। মইদুলের মৃত্যু সংবাদ পৌঁছাতেই তোলপাড় হয় রাজ্য রাজনীতি। বাম নেতা কর্মীদের পাশাপাশি মইদুল ইসলাম মিদ্যার বাড়িতে হাজির হয়ে তাঁদের পাশে থাকার আস্বাস দেন এলাকার তৃনমূল বিধায়ক তথা পঞ্চায়েত দফতরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা। 


ওইদিনই মুখ্যমন্ত্রী মইদুল ইসলাম মিদ্যার পরিবারের একজনকে চাকরী দেওয়ার কথা ঘোষনা করেন। ঘোষণার চার দিন যেতে না যেতেই একেবারে বাড়িতে গিয়ে রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা, পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা মৃত মইদুল ইসলামের স্ত্রীর হাতে চাকরীর নিয়োগপত্র তুলে দেন।  বাড়িতে গিয়ে এইভাবে সরকারি চাকরীর নিয়োগপত্র তুলে দেওয়ায় খুশি মইদুলের পরিবার। মইদুলের স্ত্রী আলেয়া বিবি বলেন, স্বামীকে হারিয়ে দিশাহীন হয়ে পড়েছিলাম। নিজের দুই শিশু সন্তানকে কিভাবে মানুষ করব ভেবে কূল কিনারা পাচ্ছিলাম না। এই অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন তাতে আমরা যথেষ্ট খুশি।  রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা বলেন, এইভাবে মইদুলের পরিবারের পাশে থাকতে পারায় আমরা খুশি। মইদুলের পরিবারকে বাঁচাতে মুখ্যমন্ত্রী যে ব্যবস্থা করলেন তা মানবিকতার নজির তৈরী করল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.