বিএসএফ জওয়ানরা বাংলাদেশে পাচারের আগে দুটি কাঁচের জার ভর্তি সাপের বিষ উদ্ধার করল
দি নিউজ লায়ন ; বাংলাদেশে পাচারের আগে দুটি কাঁচের জার ভর্তি সাপের বিষ উদ্ধার করল বিএসএফ জওয়ানরা। গতকাল দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের ঘুমসি বিওপি-র বিএসএফের ২৬ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা সাপের বিষ উদ্ধার করে। উদ্ধার হওয়া সাপের বিষের আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় ২৪ কোটি টাকা৷ দুটি কাঁচের জারের গায়ে ফ্রান্স লিখা ছিল। যদিও এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি বিএসএফ জওয়ানরা। এদিকে গতকাল রাতেই উদ্ধার হওয়া সাপের বিষ বালুরঘাট বনদপ্তরের হাতে তুলে দেয় বিএসএফ জওয়ানরা।
পুরো ঘটনা খতিয়ে দেখছে বিএসএফের ২৬ নম্বর ব্যাটেলিয়নের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বালুরঘাট বনদপ্তরের কর্মীরা। উদ্ধার হওয়া সাপের বিষ ভর্তি কাঁচের জারে একটিতে পাউডার ও একটা ক্রিস্টাল টাইপ বিষ রয়েছে। বাংলাদেশ হয়ে সাপের বিষ গুলি চীনে যাচ্ছিল বলেই প্রাথমিক অনুমান। যদিও এনিয়ে সংবাদ মাধ্যমের সামনে কোন মন্তব্য করতে চাননি বিএসএফ জওয়ানরা। এর আগেও দক্ষিণ দিনাজপুর জেলায় একাধিকবার সাপের বিষ ভর্তি জার উদ্ধার করেছে বিএসএফ। ফের একবার জেলায় সাপের বিষ উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
এবিষয়ে বালুরঘাট বনদপ্তরের বিট অফিসার নিখিল খেত্রক জানান, উদ্ধারকৃত পদার্থ সাপের বিষ কিনা, তা পরীক্ষার জন্য মুম্বাইতে ল্যাবে পাঠানো হবে। পাশাপাশি পুরো ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আগামী দিনে তারা কাজ করবেন।

Post a Comment