বাগানের মধ্যে থেকে যুবককের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারে উত্তেজনা
দি নিউজ লায়নঃ জঙ্গীপুর মহকুমার অন্তর্গত সামশেরগঞ্জের নতুন মালঞ্চা গ্রামের আমবাগানে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারে ব্যাপক উত্তেজনা ছড়ালো। এলাকায়। মৃত যুবকের নাম অভিজিৎ দাস(২১)। মৃতের পরিবারের অভিযোগ, এক বিবাহিতা মহিলার সঙ্গে সম্পর্কের জেরেই খুন হতে হয়েছে তাঁর ছেলেকে। ঘটনায় মৃতের মা লিলিমা দাস জানিয়েছেন, তাঁর ছেলের সঙ্গে এক বিবাহিতা মহিলার সম্পর্ক ছিল।
এই সম্পর্কের কারণে মহিলার শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে অভিজিতের ঝামেলা হয়েছিল মাস চারেক আগে। লিলিমা কাজ থেকে ফিরে এসে দেখেন, তাঁর বাড়িতে মাংস রান্না করে মদ খাওয়া হয়েছে। গ্রামের কয়েকজন প্রতিবেশীর সঙ্গেই ছেলে এই আসর বসিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি। এই কাজ পুনরায় করতে ছেলেকে বারণও করেন তিনি।
লিলিমা আরও জানিয়েছেন, রাতে একটি ফোন আসে অভিজিতের। যাঁদের সঙ্গে অভিজিৎ মদ খেয়েছিলেন, সন্ধ্যাবেলা তাঁদেরই এক জন ফোন করেন। এর পর এদিন অভিজিতের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। লিলিমার অভিযোগ, মদের আসরের সঙ্গীরা এবং ওই বিবাহিতা মহিলার শ্বশুরবাড়ির লোকজন এই ঘটনার সঙ্গে জড়িত। শুরু হয়েছে পুলিশি তদন্ত যদিও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলে জানা গেছে।
Post a Comment