মালদায় আম বাগান থেকে উদ্ধার পিকআপ ভ্যান চালকের ঝুলন্ত দেহ
দি নিউজ লায়ন ; রহস্যজনক অবস্থায় পিকআপ ভ্যান চালকের আমবাগান থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করলো পুলিশ । রবিবার সকালে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার মোকাতিপুর কলোনি এলাকায়। এই ঘটনার পর গোটা এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে আসে পুরাতন মালদা থানার পুলিশ । মৃতদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে তদন্তকারী পুলিশ কর্তারা । পাশাপাশি ওই গাড়িচালকের রহস্যজনক মৃত্যু ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সৌরভ হালদার (২৫)। তার বাড়ি পুরাতন মালদা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মোকাতিপুর কলোনি এলাকায়। বাড়ি থেকে ৫০০ মিটার দূরে আম বাগানের মধ্যে গাছের ডালে ওই যুবকের দেহ ঝুলতে দেখে স্থানীয় কিছু মানুষ। এরপরই ওই এলাকায় ব্যাপক হইচই পড়ে যায়। মৃতের বাবা রঞ্জিত হালদার জানিয়েছেন, তার ছেলে সৌরভ হালদারের পরিবারের স্ত্রী নির্মল হালদার এবং তিন বছরের এক নাবালক ছেলে রয়েছে।
পরিবারে কোনো অশান্তি ছিল না। তারপরও কিজন্য হঠাৎ করে ছেলে এরকমভাবে আত্মহত্যা করতে গেল তা নিয়ে কিছু বুঝে উঠতে পারছেন না তারা। পুরাতন মালদা থানার পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি বিভিন্ন ধরনের নেশায় আসক্ত ছিল । তবে কি কারনে এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে ।

Post a Comment