প্রখ্যাত ফিলিস্তিনি কবি বারঘুতি মারা গেছেন
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের শীর্ষ কবি মাওরিদ বারঘুতি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। ইসরায়েল প্রতিষ্ঠার আগে রামাল্লাহর কাছে একটি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। আলজাজিরা ও বিবিসি জানায়, দীর্ঘদিন নির্বাসনে থাকার পর রবিবার জর্ডানের রাজধানী আম্মানে মারা যান কবি বারঘুতি। ছেলে তামিম বারঘুতি যিনি নিজেও একজন আরব কবি, তার ফেসবুক পেইজে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি লেখেন– হে প্রভু তুমি আমার বাবা ও মাকে ক্ষমা করে দিও। ১৯৪৪ সালের ৮ই জুলাই পশ্চিমতীরে জন্ম নেওয়া বারঘুতি কায়রোতে পড়াশোনা করেছেন। মওরিদ বারঘুতি জীবনের বেশিরভাগ সময় নির্বাসনে কাটিয়েছেন। তার আত্মজীবনীমূলক রচনা ‘আই স রামাল্লাহ’ তাকে বিশ্বদরবারে ব্যাপক পরিচিতি এনে দেয়।
বারঘুতির অনবদ্য এই সৃষ্টিকে বিখ্যাত ফিলিস্তিনি লেখক ও বুদ্ধিজীবী অ্যাডওয়ার্ড সাঈদ বলেছেন, বইটি ফিলিস্তিনিদের উদ্বাস্তু থাকার সবচেয়ে বড় দলিল। ২০০৯ সালে মওরিদ আরও একটি বই লেখেন। এর নাম দেন ‘আই ওয়াজ বর্ণ দেয়ার, আই ওয়াজ বর্ণ হেয়ার।’
মূলত একমাত্র ছেলেকে নিয়ে রামাল্লায় আসার বর্ণনা রয়েছে এতে। ২০১২ সালে বইটি ইংরেজিতে অনুবাদ হয়। বারঘুতির মৃত্যুতে ফিলিস্তিনের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আতেফ আবু সাইফ শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি বলেছেন, জাতীয় সংগ্রাম ও সৃজনশীলতার এক প্রতীককে হারাল আরববিশ্ব।

Post a Comment