বিজেপি যেন সানলাইট, নির্মা ওয়াশিং মেশিন! কটাক্ষ মমতার
দি নিউজ লায়নঃ 'ট্রাম্প যেমন হেরে গিয়ে জিতেছি জিতেছি করছে বিজেপি ও বাংলায় হেরে গিয়ে জিতেছি জিতেছি করবে'-নদীয়ার রানাঘাটের জনসভা থেকে এভাবেই বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মমতা। তিনি বলেন, তৃণমূলে থাকলেই সব কালো হয়ে যাচ্ছে আর বিজেপিতে গেলেই সব ভালো! বিজেপি যেন সানলাইট, নির্মা ওয়াশিং মেশিন! প্রায় আধ ঘন্টার বক্তৃতায় এদিন বিজেপিকে কার্যত তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিজেপি মিথ্যের জরিদার। এমন ভাবে সাজিয়ে গুছিয়ে মিথ্যে বলবে যে ধরতে পারবেন না।
মতুয়া প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, মতুয়ারা নাগরিক। নতুন করে তাদের নাগরিক করার কোন প্রশ্নই ওঠে না। ভুল বুঝিয়ে মতুয়াদের বিভ্রান্ত করছে বিজেপি। একইসঙ্গে তিনি জানান মতুয়া, নমঃশূদ্র, কামতাপুরী প্রভৃতি সকলের জন্যই পৃথক উন্নয়ন বোর্ড করা হয়েছে। রাজ্য সরকার তাদের উন্নয়নে বদ্ধ পরিকর। তিনি জানান শুধু নদীয়া জেলায় ৫ হাজার উদ্বাস্তু পরিবার জমির পাট্টা পাচ্ছে। সেই কাজ শুরু হয়ে গিয়েছে। দুদিন আগে কাটোয়ার কৃষক পরিবারে মধ্যাহ্নভোজন করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।
এদিন সে প্রসঙ্গ তুলে নাম না করে তাকে তীব্র আক্রমণ করেন মমতা। তিনি বলেন, গরিব মানুষের পাশে থাকার নাটক করে মধ্যাহ্নভোজন করছেন সঙ্গে থাকছে দামি কোম্পানির মিনারেল ওয়াটারের বোতল। গরীব দরদী হতে গেলে ধুলোয় নামতে হয়। তিনি বলেন,' তোমরা খাচ্ছ হিমালায়া আমি খাই প্রাণধারা।' স্বাস্থ্যসাথী প্রসঙ্গে তিনি বলেন, কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত এর নামে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আয়ুষ্মান ভারত থেকে স্বাস্থ্যসাথী অনেক বেশী কার্যকর। অনেক বেশি মানুষ এতে সুবিধা পান। তিনি জানান, যে সমস্ত নার্সিংহোম হাসপাতাল স্বাস্থ্য সাথী কার্ড গ্রহণ করছে না তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে রাজ্য সরকার। প্রয়োজনে লাইসেন্স বাতিল করা হবে।
কৃষি আইন প্রসঙ্গে বলেন, আইন প্রত্যাহার না হলে ছিয়াত্তরের মন্বন্তর ফিরে আসবে। নদীয়া জেলার উন্নয়ন প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 700 একর জমি ইসকনকে দেয়া হয়েছে। পর্যটন হাব তৈরি হচ্ছে। একসময় নদীয়া জেলায় ভোটের রাজনীতি হত উন্নয়ন হতো না। অন্ধকারে ডুবে থাকত। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর উন্নয়নের জোয়ার এসেছে লোডশেডিং এখন আর হয় না বেকার চাকরি পাচ্ছেন। রাতে যখন কেন্দ্রের হাজার অসহযোগিতা ষড়যন্ত্র ও উন্নয়নের ধারা বইছে তখন কেন্দ্র রেল বিমান সবকিছু বেচে দিচ্ছে।

Post a Comment