ব্যাংক একাউন্টে 'ভুতুড়ে' টাকা, চাঞ্চল্য কোচবিহারে
দি নিউজ লায়নঃ কেউ আনন্দে আত্মহারা কেউ আবার ভয়ে তটস্থ। কেউ স্বীকার করছেন কারুর মুখে কুলুপ! এমনই অবস্থা কোচবিহারের একটি বেসরকারী ব্যাংকের গ্রাহকদের। কারণটা একদিকে যেমন চমকপ্রদ তেমনই আতঙ্কের। ব্যাংকের গ্রাহকদের একাউন্টে আচমকাই ডিপোজিট হচ্ছে লক্ষ লক্ষ টাকা! কে করছে কেন করছে, উদ্দেশ্যপ্রণোদিত না নিছকই ভুলবশত- তা কেউ জানেন না।
এমনকি জানেনা ব্যাংকও। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য কোচবিহার জুড়ে। শুরুটা হয়েছিল 2 জানুয়ারি। ঘুঘুমারির একটি বেসরকারি ব্যাংকের গ্রাহকরা আচমকা জানতে পারেন কারুর ব্যাংক একাউন্টে ঢুকেছে 10000 টাকা কারোর বা 50 হাজার টাকা। সাতসকালে এমন সুখবর পেয়ে অনেকেই ছোটেন এটিএমে। টাকাও তুলে নেন। সাবধানী যারা তারা ব্যাংকে গিয়ে অভিযোগ জানান। যদিও তাতে বিশেষ লাভ কিছু হয়নি বলে অভিযোগ। তিন দিন কাটতে না কাটতেই এবার ফের একই ঘটনা কোচবিহার শহরের একটি বেসরকারি ব্যাংকে।
যদিও ব্যাংক কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো স্পষ্ট উত্তর দিতে পারেননি। একটি সূত্রের দাবি, ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে টাকা লেনদেন হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলেও তো টাকা কে কোথা থেকে পাঠাচ্ছে তা ব্যাংকের অজানা থাকার কথা নয়। সব মিলিয়ে এক অদ্ভুত পরিস্থিতি কোচবিহার জুড়ে। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে ব্যাংকের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ মঙ্গলবার সকাল পর্যন্ত আসেনি অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

Post a Comment