খড়্গপুরে পেট্রোল পাম্পে লুঠ সহ চলল গুলি, এলাকায় চাঞ্চল্য, তদন্ত শুরু করল পুলিশ
দি নিউজ লায়নঃ বৃহস্পতিবার গভীর রাতে ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে থাকা একটি পেট্রল পাম্পে গুলি চালিয়ে প্রায় সত্তর হাজার টাকা লুট করে নিয়ে পালাল দুষ্কৃতীরা,এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর লোকাল থানার চাঙ্গুয়াল এলাকায়,ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়্গপুর লোকাল থানার পুলিশ।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে বেশ কয়েকজন দুষ্কৃতী পেট্রল পাম্পের ভেতরে ঢুকে হঠাত্ ই গুলি চালাতে শুরু করে। পেট্রল পাম্পের অফিস লক্ষ্য করে চালানো হয় গুলি। গুলি লেগে ফুটো হয়ে যায় পেট্রল পাম্পের অফিস ঘরের কাঁচ। ঘটনাস্থল থেকে উদ্ধার কার্তুজের খোল।
পেট্রল পাম্পে দাঁড়িয়ে থাকা দুই ট্রাক মালিককে বেধড়ক মারধর করে প্রায় সত্তর হাজার টাকা লুট করে নেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ ট্রাক মালিকের। পেট্রল পাম্পে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিতকরণের কাজ শুরু করেছে পুলিশ।দুস্কৃতিরা প্রায় পাঁচ রাউন্ড গুলি চালিয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

Post a Comment