শ্বশুরবাড়িতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু - The News Lion

শ্বশুরবাড়িতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

 


দি নিউজ লায়নঃ       শ্বশুরবাড়িতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে খুনের মামলা রুজু করে তদন্তের জন্য নির্দেশ দিল বর্ধমান আদালত। ঘটনাটি ঘটে জামালপুর থানার হুসুমপুরে। মৃতার মা বুধবার সিজেএম আদালতে মেয়েকে কীটনাশক খাইয়ে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন। তাঁর আবেদন মঞ্জুর করে শক্তিগড় থানার ওসিকে খুনের মামলা রুজু করে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন বিচারক।


 আদালতে শক্তিগড় থানার জোতরামের বাসিন্দা জয়ন্তী বাগ জানিয়েছেন, তাঁর মেয়ে সুজাতার সঙ্গে বছর খানেক আগে হুসুমপুরের শ্রীমন্ত বাগের বিয়ে হয়েছিল। বিয়ের কিছুদিন পর থেকেই শ্বশুরবাড়িতে মেয়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়। ১৪ জানুয়ারি মকর সংক্রান্তির দিন পরিকল্পনা করে সুজাতাকে নদীতে স্নান করতে পাঠানো হয়। বাড়ি ফেরার পর কীটনাশক মাখানো পিঠে তাকে খেতে দেওয়া হয়।


 তা খেয়ে মেয়ে অসুস্থ হয়ে পড়ে। তাঁকে জামালপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আইনজীবী রমেশ কুমার সিং বলেন, ঘটনার কথা শক্তিগড় থানায় জানানো হয়। কিন্তু, থানা কোনও ব্যবস্থা নেয়নি। এসপিকে জানিয়েও সুরাহা না হওয়ায় মামলা করা হয়েছে। আদালত তদন্তের নির্দেশ দিয়েছে। শক্তিগড় থানার এক অফিসার বলেন, আদালতের নির্দেশের বিষয়ে কিছু জানা নেই। আদালত এ ধরণের নির্দেশ দিলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.