‘পরীক্ষা না নিতে পারলেও অন্তত রেজাল্টটা দিতে পারলাম’
ঢাকা প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মহামারী করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষার্থীদের জীবন থেকে একটি বছর যাতে হারিয়ে না যায়, সেদিকে সরকারের সতর্ক দৃষ্টি ছিলো। বিশেষ পরিস্থিতির কারণে এভাবে ফল ঘোষণা করা হয়েছে। শনিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করতে গিয়ে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী ভার্চুয়াল পদ্ধতিতে গণভবন থেকে যুক্ত ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা পরীক্ষা না নিতে পারলেও শিক্ষার্থীদের অন্তত রেজাল্টটা দিতে পারলাম।
অন্য অনেক দেশও একইভাবে রেজাল্ট দিয়েছে। আমি আশা করবো, শিক্ষার্থীরা তাদের পড়ালেখা অব্যাহত রাখবে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সবাইকে অভিনন্দন জানিয়ে আমি বলবো, ছেলেমেয়েরা যেন পড়ালেখায় মনোযোগী হয়— আমি সবাইকে সেদিকে নজর দিতে বলবো।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চেয়েছি তাদের শিক্ষাজীবন থেকে একটি বছর যেন না হারিয়ে যায়। তাদের আগের শিক্ষাজীবনের ফলের ভিত্তিতে ফল তৈরি করা হয়েছে। আমি আশা করবো, তারা পরবর্তী সময়ে নিজেদের যোগ্যতা দিয়েই তারা উচ্চশিক্ষা নেবে।’
করোনা সংক্রমণের কারণে এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়া সম্ভব না হওয়ায় এভাবে ফল ঘোষণা করা নিয়ে কোনো ধরনের বিরূপ মন্তব্য না করার আহ্বান জানান শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন, ‘পরীক্ষা না হওয়া নিয়ে পরীক্ষার্থীদের এক ধরনের মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছে। এ অবস্থাতেও অনেকে এই পরীক্ষা ও ফল নিয়ে সমালোচনা করছেন। মহামারির কারণে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। কিন্তু তাদের পড়াশোনার মধ্যে রাখতে হবে, যেন তারা হতাশ হয়ে না পড়ে। আপনারা শিশুদের হতাশায় ফেলবেন না।’ প্রধানমন্ত্রী বলেন, ‘স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট সবাইকে ভ্যাকসিন দিতে হবে। সবাই যদি এটি মেনে চলেন তাহলে আমরা আরেকটু নিয়ন্ত্রণ করতে পারবো এবং খুব দ্রুতই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারবো।’
ফল প্রকাশ করে শিক্ষার্থীদের সুন্দর আগামী প্রত্যাশা করে প্রধানমন্ত্রী সবার জন্য দোয়া ও আশীর্বাদ করেন। অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে উপস্থিত ছিলেন— শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেলসহ শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা। শিক্ষামন্ত্রীর বক্তব্যের পর শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের এইচএসসি পরীক্ষার ফল হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই ফল গ্রহণ করেন।

Post a Comment