নতুন বছরে বিদেশি পর্যটকদের জন্য নবাব নগরী মুর্শিদাবাদের 'টুরিস্ট গাইড ম্যাপ' প্রকাশ
দি নিউজ লায়নঃ সুখবর! নতুন বছরে পর্যটন নগরী মুর্শিদাবাদে আসা বিদেশি পর্যটকদের কথা মাথায় রেখে তাদের সুবিধার্থে মুর্শিদাবাদ জেলা প্রশাসন ও মুর্শিদাবাদ পৌরসভা একযোগে উদ্যোগ গ্রহণ করল। সেই লক্ষ্যে লালবাগ সহ পার্শ্ববর্তী এলাকায় দর্শনীয় স্থানগুলির সঠিক ভৌগলিক অবস্থানের মধ্যে দিয়ে আকর্ষণীয়ভাবে স্থানীয় ইতিহাস ছাপা আকারে তুলে ধরে ' ট্যুরিস্ট গাইড ম্যাপ' প্রকাশ করা হল। এই ম্যাপ হাতে থাকলে বিদেশি পর্যটকদের হয়রানি অনেকটাই কমবে বলে এ দিন শুক্রবার জানান মুর্শিদাবাদ পৌরসভার পৌর প্রশাসক বিপ্লব চক্রবর্তী। এছাড়া একই সঙ্গে পুরসভার পক্ষ থেকে অ্যাম্বুলেন্স ও ভ্রাম্যমাণ টয়লেটও পরিষেবা চালু করা হয়।
পর্যটকদের সাহায্যের জন্য মুর্শিদাবাদ পুরসভা ও মুর্শিদাবাদ থানার পক্ষ থেকে হাজারদুয়ারি প্যালেস মিউজিয়াম সহ দর্শনীয় স্থানগুলিতে ট্যুরিস্ট পুলিস মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পর্যটকদের বিভিন্ন বিষয়ে সাহায্যের জন্য 'সিটি মুর্শিদাবাদ ব্যবসায়ী সমিতি' র পক্ষ থেকে পর্যটক সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। শীত জাঁকিয়ে পড়তেই মুর্শিদাবাদে পর্যটনের ভরা মরশুম চলছে। করোনা আতঙ্ক কাটিয়ে প্রতিদিন দর্শনীয় স্থানগুলিতে পর্যটকদের ঢল নামছে। গত সাত-আট মাসের নীরবতা কাটিয়ে নবাবের শহর মুর্শিদাবাদ আবার চেনা ছন্দে ফিরছে। ফলে নতুন বছরে শহরে ও পার্শ্ববর্তী এলাকায় একাধিক স্থাপত্য নিদর্শন ও দর্শনীয় স্থান দেখার জন্য বিদেশী পর্যটকরা যে আসবেন নিশ্চিত করতেই এই যাবতীয় ব্যবস্থা।
তবে এতদিন দর্শনীয় স্থানগুলির কোনও গাইড ম্যাপ না থাকার কারণে বিদেশি পর্যটকদের কাছে নবাবের ইতিহাসের অনেক নিদর্শন অদেখাই থেকে যেত। তাছাড়া গাইড বা টাঙ্গাচালকদের বিরুদ্ধে সব দর্শনীয় স্থান না দেখানোর অভিযোগ প্রায়ই উঠত। পর্যটকদের এই হয়রানি বা বিভ্রান্তি থেকে রেহাই দিতে ট্যুরিস্ট গাইড ম্যাপ প্রকাশ। প্রশাসন সূত্রে জানা যায়,এই গাউড ম্যাপে দর্শনীয় স্থানগুলির অবস্থান চিহ্নিতকরণের পাশাপাশি ক্রমান্বয়ে স্থানগুলির নাম উল্লেখ করা হয়েছে। মুর্শিদাবাদ থানার আইসি উদয় শংকর ঘোষ বলেন, ট্যুরিস্ট গাইড ম্যাপে দর্শনীয় স্থানগুলির অবস্থান এবং রুট উল্লেখ থাকায় বিদেশি ভিন দেশ থেকে আসাপর্যটকদের হয়রানি কম হবে।
অন্যদিকে গাইড, টাঙ্গা বা টোটো চালকদের বিরুদ্ধে পর্যটকদের সঙ্গে অসহযোগিতার অভিযোগও কমবে"। পাশাপাশি মুর্শিদাবাদ পুরসভার প্রশাসক বিপ্লব চক্রবর্তী বলেন, শহরের বিভিন্ন প্রান্তে নবাবি আমলের স্থাপত্য নিদর্শনগুলি ছড়িয়ে রয়েছে। স্থাপত্য নিদর্শনগুলি ঘুরে দেখতে গিয়ে অনেকেই হয়রানির শিকার হন। গাইড ম্যাপ হাতে থাকলে পর্যটকরা নিজেরাই ঘুরে দেখতে পারবেন"। দর্শনীয় জায়গাগুলিতে ৩০জন ট্যুরিস্ট পুলিস মোতায়েন করা হয়েছে। পর্যটকদের বিভিন্নভাবে সাহায্য করবে ট্যুরিস্ট পুলিস। ব্যবসায়ী সমিতির সম্পাদক স্বপন ভট্টাচার্য বলেন, আমরা সমস্ত রকম ব্যবস্থা নিয়ে তৈরি হয়েছে যাতে নতুন বছরে বাইরে থেকে আসা বিদেশি পর্যটকদের মুর্শিদাবাদ শহরে কোন রকমের সমস্যা না হয়"।

Post a Comment