নন্দীগ্রামের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বাঁকুড়ায় দেওয়াল লিখল তৃনমূলের
দি নিউজ লায়নঃ দিন কয়েক আগেই নন্দীগ্রামে সভা করতে গিয়ে আগামী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভায় দলের প্রার্থী হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সেই ঘোষনায় বিধানসভা নির্বাচনের আগে রাজ্য জুড়ে উচ্ছসিত হয় তৃনমূল নেতা কর্মীরা। উচ্ছাস এমন পর্যায়ে পৌঁছায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই লড়াকু মানসিকতাকে সম্মান জানিয়ে বুধবার থেকে বাঁকুড়ায় দেওয়াল লিখন শুরু করে তৃনমূল কর্মীরা।
দেওয়াল লিখনে হাত লাগান রাজ্যের খোদ পঞ্চায়েত দফতরের রাষ্ট্রমন্ত্রী তথা তৃনমূলের বাঁকুড়া জেলার সভাপতি শ্যামল সাঁতরা। বাঁকুড়ার ইঁদারাগোড়া ও সিনেমা রোড এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লিখন করা হয়। দেওয়াল লিখনের পাশাপাশি দেড় দশক আগে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে কুর্নিশ জানিয়ে মিছিলও করেন তৃনমূলের নেতা কর্মীরা।
পরে মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন, আজ থেকে দেড় দশক আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নন্দীগ্রামে যে আন্দোলন হয়েছিল তা বাংলার বুকে ইতিহাস হয়ে আছে । ফের সেই নন্দীগ্রামের বুকেই ইতিহাস গড়তে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই লড়াইকে সম্মান জানাতেই আমাদের এই উদ্যোগ। আমরা নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তৃতীয় বারের জন্য তৃনমূল রাজ্যের ক্ষমতায় ফিরবে।

Post a Comment