নবদ্বীপ সহ তিনটি হাসপাতালে শুরু হল করোনা প্রতিষেধকের ড্রাই রান বা মহড়া - The News Lion

নবদ্বীপ সহ তিনটি হাসপাতালে শুরু হল করোনা প্রতিষেধকের ড্রাই রান বা মহড়া

 


দি নিউজ লায়নঃ    রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি শুক্রবার নদীয়া জেলাতেও করোনার প্রতিষেধক টিকা দেওয়ার মহড়া অর্থাৎ ড্রাই রান শুরু হল। এদিন মূলত কৃষ্ণনগর সদর হাসপাতাল, নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল এবং কোতোয়ালির বিষ্ণুপুর গ্রামীণ হাসপাতালে এই মহড়া দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। প্রতিটি হাসপাতালে ২৫ জনকে নিয়ে দেওয়া হয় এই মহড়া। কাউকে প্রতিষেধক টিকা দেওয়া হয়নি, এমনকি সুচ ফোটানো পর্যন্ত হয়নি। 


শুধুমাত্র টিকা দেওয়ার আগে এবং পরে সময়ের মধ্যে যেসব কাজগুলো থাকে, তা কীভাবে করা হবে, সেই বিষয়ে চিকিৎসক এবং নার্সদের অবহিত করার জন্যই দেওয়া হয়েছে মহড়া। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রথমদিকে জেলার ৩৫ হাজার স্বাস্থ্যকর্মীকে প্রাথমিক পর্যায়ে করোনা প্রতিষেধক টিকা দেওয়া হবে। ইতিমধ্যেই জেলায় করোনা প্রতিষেধক টিকা সংরক্ষণের জন্য ৫৭ টি কেন্দ্র খোলা হয়েছে। রাজ্য থেকে  জেলায় এসে পৌঁছানোর পরে সংরক্ষণ কেন্দ্রগুলোতে রাখা হবে করোনা প্রতিষেধক টিকা।


 ড্রাই রান অর্থাৎ মহড়া প্রসঙ্গে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: অপরেশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,' করোনা প্রতিষেধক টিকা প্রদান আমাদের কাছে একেবারেই নতুন। অবশ্য এর আগে আমরা অন্য ধরনের টিকা প্রদান করেছি। তবে করোনা প্রতিষেধক টিকা প্রদানের অনেকগুলো ধাপ রয়েছে। যারা নিতে আসছেন ,তাদের মধ্যে কোনও পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কিনা ,তা খেয়াল রাখা হবে। করোনা প্রতিষেধক টিকা দেওয়ার পর তাদের পর্যবেক্ষণে রাখা হবে। প্রতিষেধক টিকা এসে পৌঁছানোর পর যে যে পদ্ধতিতে টিকা প্রদান করা হবে, সেই পদ্ধতিরই মহড়া হল, ড্রাই রান"। 


মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, আগামী দিনে যেখানে যেখানে এই টিকা প্রদান করা হবে, সেখানেই আমরা নিজেদের মত করে এই ধরনের মহড়ার ব্যবস্থা করব।' অন্বেষা রায় নামে কৃষ্ণনগর সদর হাসপাতালের একজন নার্স জানিয়েছেন' করোনা প্রতিষেধক টিকা নিয়ে আমরা ভীষণ আগ্রহী ছিলাম। এতদিন দেখছেলাম, করোনা নিয়ে কত মানুষ ভীত ছিলেন। তার কথায়, মানুষকে বাঁচাতে আমাদের মতো মানুষদের টিকাকরণ ভীষণভাবে প্রয়োজন।' 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.