মেদিনীপুর শহরে সাংবাদিক বিপ্লব সেনগুপ্তের অকাল মৃত্যুতে এলাকায় শোক
দি নিউজ লায়ন ; মঙ্গলবার ভোর রাতে মেদিনীপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাংবাদিক বিপ্লব সেনগুপ্ত।মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।হঠাৎ অসুস্থতার জন্য সোমবার সকালে তাকে মেদিনীপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।সেখানেই মঙ্গলবার ভোর রাতে তার মৃত্যু হয়।
তিনি মেদিনীপুর শহর থেকে প্রকাশিত দৈনিক বিপ্লবী সব্যসাচী পত্রিকা সহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিক হিসাবে লিখতেন।তার মৃত্যুতে মেদিনীপুর শহরে শোকের ছায়া নেমে আসে।তার বাস ভবনে গিয়ে তার মরদেহে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানান সাংবাদিক সৌম্য বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব দাস, কিংশুক আইচ , পার্থ খাঁড়া সহ অন্যান্য সাংবাদিকগণ।
সেইসঙ্গে তারা তার পরিবারকে সমবেদনা জানান।মৃত্যু কালে তিনি রেখে গিয়েছেন স্ত্রী প্রিয়াঙ্কা সেনগুপ্ত ও এক মাত্র নাবালিকা মেয়েকে। মঙ্গলবার মেদিনীপুর পদ্মাবতী শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

Post a Comment