নির্বাচনের ৪৮ ঘণ্টার মধ্যে কোনো বিজয় মিছিল করা যাবে না’ - The News Lion

নির্বাচনের ৪৮ ঘণ্টার মধ্যে কোনো বিজয় মিছিল করা যাবে না’




ঢাকা প্রতিনিধি : নির্বাচন বিধিমালা অনুযায়ী নির্বাচনের দিন থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা কোনো মিছিল-সমাবেশ বা বিজয় মিছিলের সুযোগ নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর।   তিনি বলেছেন, যারাই জয়ী হোক, কোনো প্রকার বিজয় মিছিল করা যাবে না।  দামপাড়া পুলিশ লাইন্সে মঙ্গলবার আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর।  


চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে একাধিক মিটিং করেছি। বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় সভা করেছি। আমরা যে ঝুঁকিটা এসেস করেছি তা মোকাবিলায় আমাদের প্রস্তুতি রয়েছে।  সিএমপি কমিশনা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ঝুঁকি এড়াতে নগরীর বিভিন্ন এলাকায় আমরা চেকপোস্ট করেছি। এর ফলাফল আমরা পেয়েছি।


 চেকপোস্টের কারণে বলার মতো তেমন কোনো ঘটনা ঘটেনি।  তিনি বলেন, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। কিন্তু আমরা যেরকম আশঙ্কা করেছিলাম তা রুখতে পেরেছি। যাদের কাছে জাতীয় পরিচয়পত্র থাকবে তাদের জন্য উৎসবমুখর হবে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন। কিন্তু যাদের কাছে জাতীয় পরিচয়পত্র থাকবে না তাদের জন্য মানে বহিরাগতদের জন্য দ্বার বন্ধ। কোনো বহিরাগত এসে নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারবে না।  


তিনি বলেন, নির্বাচনের দিন সরকারি কর্মদিবস রয়েছে। অনেকে কর্মস্থলে যাবেন। তাদেরও জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য বলা হচ্ছে। ভোট কেন্দ্রে যারা আসবেন তারাও জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে আসবেন। আমরা বহিরাগত ঠেকাতে চাই।  ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) এসএম মোস্তাক আহমদ খান, উপ-কমিশনার (সদর) আমির জাফর, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক প্রমুখ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.