কৃষক আন্দোলনে উত্তপ্ত দিল্লি
দি নিউজ লায়ন ; কৃষক আন্দোলনে উত্তপ্ত রাজধানী দিল্লি। প্রজাতন্ত্র দিবসে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মূল কুচকাওয়াজ শেষ হতেই বিক্ষোভরত কৃষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে রাজধানী দিল্লি।দিল্লির অতি গুরুত্বপূর্ণ আইটিও এলাকায় পুলিশকে রীতিমতো কোনঠাসা করে বিক্ষোভকারীদের একাংশ এগিয়ে আসেন। পুলিশ বাধা দিলে শুরু হয় হাতাহাতি। এক পর্যায়ে বিক্ষোভকারো কৃষকরা ট্রাক্টর নিয়ে তেড়ে আসেন। শুরু হয় পাথর বৃষ্টি। হয় বাস ভাঙ্গচুর। ফলে পরিস্থিতি বেশ জটিল আকার নেয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয়।
রাজধানী দিল্লি প্রবেশের সিংঘু, টিকরি বর্ডার হয়ে হাজার হাজার কৃষক এদিন দিল্লিতে ঢুকতে শুরু করে। দিল্লি পুলিশের ঠিক করা রুট দিয়ে মার্চ হওয়ার কথা ছিলো। কিন্ত সেসব উড়ে যায় বিক্ষোভের মুখে। পুলিশ লাঠিচার্জ করতেই পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠে।
লক্ষাধিক বিক্ষোভরত কৃষকদের সামনে পুলিশের ব্যারিকেড ভাঙতে শুরু করে। পূর্ব
নির্ধারিত কর্মসূচী অনুযায়ি দিল্লি ঘিরে ২ লক্ষ ট্রাক্টরের কেন্দ্রীয় কৃষি আইন
বিরোধী মিছিলে অংশ নেয়। সংযুক্ত কিষান মোর্চার দাবি, দিল্লি পুলিশ প্রজাতন্ত্র
দিবসে পাঁচ হাজার ট্রাক্টরের কুচকাওয়াজের জন্য অনুমতি দিয়েছিলো। কিন্ত সেই সংখ্যা
পার হয়ে যায় দুই লক্ষ।
এদিকে সারা ভারত কৃষক সভা জানিয়েছে, দিল্লির পাশাপাশি ভারতের সর্বত্র হবে
কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের প্রতিবাদ। ভারতীয় কিষান ইউনিয়নের নেতৃত্বে বিভিন্ন
কৃষক সংগঠনের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি থেকে দিল্লিতে সংসদ
ভবন অভিযান শুরু করা হবে। ঘেরাও করা হবে পার্লামেন্ট। তাদের দাবি, কেন্দ্রীয়
সরকারকে এই কৃষি আইন বাতিল করতেই হবে।

Post a Comment