‘ভ্যাকসিন নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না’ ;ওবায়দুল কাদের - The News Lion

‘ভ্যাকসিন নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না’ ;ওবায়দুল কাদের




ঢাকা প্রতিনিধি : ভ্যাকসিন নিয়ে বিভ্রান্তি না ছড়াতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, কাউকে লাভবান বা ব্যবসায়িক স্বার্থে সরকার করোনা ভ্যাকসিন সংগ্রহ করেনি।  মঙ্গলবার ঢাকার সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন তিনি।  


জনগণের স্বার্থে ভ্যাকসিন সংগ্রহ করা হয়েছে উল্লেখ করে কাদের বলেন, ‘ব্যবসায়িক স্বার্থের অভিযোগ অমূলক ও ভিত্তিহীন। জনগণের মাঝে সংশয় তৈরি করে অহেতুক একটা ভালো কাজে বাধা দেওয়া ঠিক নয়। শেখ হাসিনার সততা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রতিফলন হওয়ায় জনগণ খুশি।  বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ভ্যকসিন নিয়ে তাদের মিথ্যাচার জনগণ অতীতের মতো এখনো আমলে নেবে না।’   


প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘অপপ্রচার ও সংশয় বাদীদের প্রত্যাখ্যান করুন।’  এ দেশে ভোটের নামে প্রহসনের রেকর্ড একমাত্র বিএনপির উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচন, মাগুরা ও ঢাকা-১০ আসন উপনির্বাচন বিএনপি ভুলে গেলেও জনগণ এখনো ভুলে যায়নি।’  


 চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন হওয়ার আগেই বিএনপি অহেতুক কারচুপির অভিযোগ করছে, তা কতটুকু সত্য, এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, ‘তারা অবান্তর অভিযোগ এনে নিজেরাই নিজেদের হেরে যাওয়ার কল্পকাহিনী তৈরি করে। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। জনগণ অবাধ ও নিরপেক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। সরকার কোনো হস্তক্ষেপ করবে না।’

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.