বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে 'কোভিশিল্ড' ভ্যাকসিন এসে পৌঁছালো
দি নিউজ লায়ন ; এবার শুরু হয়ে যাচ্ছে কোভিড – ১৯ ভ্যাকসিন দেওয়া। শুক্রবার বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পুলিশি নিরাপত্তায় এই 'কোভিশিল্ড' ভ্যাকসিন এসে পৌঁছায়। সুপার স্পেশালিটি হাসপাতাল ছাড়াও এদিন জয়নগর নিমপীঠ হাসপাতাল ও জয়নগর গ্রামীন হাসপাতালে এই ভ্যাকসিন এসে পৌঁছায়।
বৃহস্পতিবার সোনারপুর গ্রামীন হাসপাতাল, ক্যানিং মহকুমা হাসপাতাল এবং বাসন্তী গ্রামীণ হাসপাতালে কোভিশিল্ড ভ্যাকসিন এসে পৌঁছায়। হাসপাতাল সূত্রে খবর, ৩৩০ ইউনিট করে ভ্যাকসিন নিয়ে আসা হয়েছে। আজ শনিবার থেকে বারুইপুর মহকুমা হাসপাতালে এই ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে। যদিও তাঁরা সকলেই চিকিৎসক ও নার্স। ইতিমধ্যেই এই নিয়ে জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে।
কয়েকদিন আগেই বারুইপুর মহকুমা হাসপাতালে ভ্যাকসিন দেওয়ার মহড়াও দেওয়া হয়েছে। এবার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন প্রয়োগ করা হবে। বারুইপুর মহকুমা হাসপাতালের কোয়ান্টাইন সেন্টারে শনিবার এই ভ্যাকসিন দেওয়া হবে বলে জানা গেছে।
যাঁদের এই ভ্যাকসিন দেওয়া হবে তাঁদের নামের তালিকাও তৈরি হয়ে রয়েছে। পর্যায়ক্রমে তাঁদের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা হবে। প্রতিদিন ১০০ জনকে ভ্যাকসিন দেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে খবর। ইতিমধ্যে যাঁরা ভ্যাকসিন দেবেন তাঁদের প্রশিক্ষন দেওয়া হয়েছে। প্রশিক্ষনপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরাই ভ্যাকসিন দেবেন বলে জানান হয়েছে।

Post a Comment