এবার থেকে বিজেপি মারলে পালটা মার দেওয়া হবে, সাফ জানালেন জ্যোতিপ্রিয়
দি নিউজ লায়ন ; এবার থেকে বিজেপি মারলে পালটা মার দেওয়া হবে একথা জেনে রেখে দিন। এমন মার দেওয়া হবে আর এমন শিক্ষা দেওয়া হবে যে বিজেপির লোকেরা বুঝতে পারবে। রবিবার উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁয় পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়ন প্রকল্পের কার্নিভালে প্রায় ১৫ হাজার বাইক মিছিলে অংশ নিয়ে এভাবেই বিজেপির বিরুদ্ধে হুংকার ছাড়লেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি এদিন সাফ জানিয়ে দেন, আমরা অনেকদিন ভদ্র ছিলাম।
কিন্ত বিজেপি যদি একতরফাভাবে মনে করে থাকে যে তৃনমূল কংগ্রেসের কর্মীদের মারবো আর মেরে ফেলে দেবো, তাহলে আমরাও পালটা মার দেবো। বিজেপি যদি মনে করে থাকে তৃণমূলের কর্মীদের গুলি করে মারবো, সেক্ষেত্রে আমরা অবশ্য গুলি করার কথা বলবো না, রক্তের কথা বলবো না। তবে এমন মার দেবো যে বিজেপির লোকেরা হাড়ে হাড়ে বুঝতে পারবে। পাড়ায় পাড়ায় প্রতিরোধ গড়ে বিজেপিরা যদি তৃণমূলীদের মারে তাহলে পালটা মার দেওয়া হবে।
এদিন জ্যোতিপ্রিয় মল্লিক বিজেপি নেতাদের উদ্দেশ্যে বলেন, এখনও সময় আছে বাকসংযম করুন, লোককে গুলি করে দেবো, মেরে দেবো, শ্মশানে পাঠিয়ে দেবো এসব কথা বলবেন না। এসব কথা বললে এবার থেকে পালটা মার হবে শুনে রেখে দিন। জ্যোতিপ্রিয় এদিন বলেন, গতকাল হাবড়ায় বিজেপির কি একজন মন্ত্রী এসেছিলেন, যার নামও আমি জানি না, তিনি এসে নাকি ইছামতী নদী সংস্কারের কথা বলে গেছেন। অথচ ইছামতী যে ভারতবর্ষের জাতীয় নদী তিনি তা জানেনই না। কোথা থেকে কোথায় ডেজিং হবে তা জানেনই না। আমি কালকে প্রেসকে বলে দিলাম, ওনাকে বলতে বলুন, আঙ্গরাইল থেকে ৫ কিলোমিটার ইছামতী নদী ড্রেজিং হবে। এরা কথা বলে কিন্ত এরা কিছুই জানে না।
উল্লেখ্য, শনিবার হাবড়ায় এসেছিলেন কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখওয়াত। এদিন জ্যোতিপ্রিয় বলেন, বাংলায় নির্বাচনের পরে এদের পালিয়ে যেতে হবে। বাংলায় আসতে গেলে পড়াশুনা করতে হবে। অর্মত্য সেনকে এরা বলছে জমি মাফিয়া। বাংলার সেন্টিমেন্টকে বুঝতে হবে। যারা বলছের তাদের ক্লাস টু থ্রি শিক্ষাগত যোগ্যতা। বিজেপির জায়গা নেই বাংলায়। আজ মানুষ পথে নেমে তৃণমূলের জন্য র্যালি করছেন, আর বিজেপি কেন্দ্রীয় মন্ত্রীদের নামিয়ে দিয়েছেন ময়দানে। কিন্ত কিছু লাভ হবে না।
এদিন বিজেপি সাংসদ অর্জুন সিং যে ২৬ জন তৃণমূল বিধায়ক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করবেন বলে দাবি করেছেন সেই প্রসঙ্গে জ্যোতিপ্রিয় বলেন, ওরা ২৯৪ জনকে নিয়ে নেবে না তো? অর্জুন সিংয়ের শিক্ষাগত যোগ্যতা কম, তাই হয়তো সংখ্যাটাও ঠকঠাক গুনতে পারে না। জ্যোতিপ্রিয় এদিন দাবি করেন, বিজেপি সিএএ লাগু নিয়ে মিথ্যে কথা বলছে। তারা আমাদের রাজ্যে সিএএ লাগু করতে পারবে না। আর আমাদের ওসবের দরকার নেই। আমাদের কাছে ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, তারমানেই আমরা ভারতের নাগরিক।

Post a Comment