শীতের মরশুম পড়তেই খেজুরের রস এবং গুড় তৈরির মরশুম শুরু হয়েছে মালদায় - The News Lion

শীতের মরশুম পড়তেই খেজুরের রস এবং গুড় তৈরির মরশুম শুরু হয়েছে মালদায়


দি নিউজ লায়ঃ   শীতের মরশুম পড়তেই খেজুরের রস এবং গুড় তৈরির মরশুম শুরু হয়েছে মালদায়। যার ফলে এই কাজে চাষিদের মধ্যে ব্যাপক তৎপরতা দেখা দিয়েছে। প্রতিদিনই  খেজুরের রস সংগ্রহ করার পর গুড় তৈরীর কাজে জোর দিয়েছেন অসংখ্য চাষি এবং তাদের পরিবার।  চলতি বছর করোণা সংক্রমণের জেরে লকডাউন পরিস্থিতিতে খেজুরের রস এবং গুড় তৈরীর ক্ষেত্রে কোন রকম সমস্যা হয় নি বলে চাষীদের দাবি। কারণ, গরমের মরশুমে খেজুরের রস উৎপাদন হয় না। সেই সময় গুড় তৈরি চাহিদাও থাকে না। ফলে তুলনামূলকভাবে খেজুরের গুড় উৎপাদনকারী চাষিদের কোন সমস্যা হয় নি। কিন্তু সেই সময় অন্যান্য কাজের ক্ষেত্রে চাষীদের চরম দূর্ভোগে পড়তে হয়েছিলো। এখন করোনা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিকের পথে। তাই শীতের মরশুম শুরু হতেই জোর তৎপরতা শুরু হয়েছে খেজুর গুড় প্রস্তুতকারক এবং রস সংগ্রহকারীদের মধ্যে।


পুরাতন মালদা ব্লকের যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে দুর্গাপুর গ্রামের প্রায় ৫০ টি পরিবার খেজুরের রস সংগ্রহ এবং গুড় তৈরির কাজ শুরু করেছে। বাড়ির পুরুষেরা রস সংগ্রহ করার পর সেটি এক জায়গায় মজুত করছেন। এরপর বাড়ির অধিকাংশ মহিলারা গুড় তৈরির কাজে হাত বাড়িয়ে দিয়েছেন। অধিকাংশ ক্ষেত্রেই পুরাতন মালদা ও গাজোল ব্লকের বিভিন্ন এলাকার খেজুর গাছ লিজ নেওয়ার পর রস সংগ্রহের কাজ করে থাকেন চাষিরা। তারপরই সেই রস বাড়িতে নিয়ে এনেই গুড় তৈরীর কাজ করেন সেইসব চাষি ও তাদের পরিবারের লোকেরা। যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর গ্রামের খেজুর গুড় প্রস্তুতকারক সত্য রঞ্জন মন্ডল বলেন, এখন শীতের মরশুম শুরু হয়েছে। ফলে খেজুর গুড়ের চাহিদা ভালোই রয়েছে।


 ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই কাজ তারা করে থাকেন। বর্তমানে বাজারে ১৫০ থেকে ১৬০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে খেজুরের গুড়।  অনেক ক্ষেত্রে আবার খেজুরের রস বিক্রি করা হয়ে থাকে। এসময় এলাকার বহু চাষীদের পরিবার খেজুরের রস সংগ্রহ এবং গুড় তৈরীর কাজ করে থাকেন। লকডাউনের মধ্যে বিশেষ ক্ষেত্রে চাষীদের অনেক সমস্যায় পড়তে হয়েছিল। সেই পরিস্থিতির দিকে তাকিয়ে এখন এলাকার অনেক চাষিরা ঘুরে দাঁড়াবার চেষ্টা করছেন। তাই এখন এই খেজুরের রস সংগ্রহ এবং গুড় তৈরির কাজে অনেক চাষি ও তাদের পরিবার যুক্ত হয়েছেন। এই কাজে পরিশ্রম বেশী হলেও, খরচ খুবই কম। লাভ'ও বেশ ভালো হয়। খেজুরের রসকে আগুনে জাল দিয়ে দুই ধরনের গুড় উৎপাদন করা হয়। 


প্রচলিত ভাষায় ঝোলাগুড় এবং আঠিকুর গুড় বলে থাকেন ক্রেতা-বিক্রেতারা। পৌষ মাসে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে খেজুরের চাহিদা থাকে ব্যাপক। বিভিন্ন ধরনের পিঠা, পুলি , পায়েস তৈরি ক্ষেত্রে এই গুড়ের চাহিদা রয়েছে বরাবর। তাই এখন সিজন শুরু হয়েছে। আরে একাজে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে এলাকার বহু চাষী এবং তাদের পরিবারের মধ্যে। পুরাতন মালদা ব্লকের যাত্রাডাঙ্গা গ্রামের প্রস্তুতকারক চাষি হীরেন মন্ডল, সন্তোষ মন্ডল বলেন, আঠিগুড় হচ্ছে শক্ত টাইপের। ঝোলাগুড় হচ্ছে তরল। দুই ধরনের গুড়ের চাহিদা রয়েছে মালদা জেলার বাইরেও। উদ্যানপালন দপ্তর সূত্রে জানা গিয়েছে, মালদা জেলায় পুরাতন মালদা, গাজোল, হবিবপুর ব্লকে খেজুরের গাছের সংখ্যা বেশি মূলত। এসব ব্লকে অনেক দিন মজুর ও চাষীদের পরিবার রস সংগ্রহ এবং গুড়  তৈরীর কাজ করে থাকেন। সেইসব চাষিদের জন্য সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.