বেশ কয়েকজন লরি মালিক পালশিটে টোল আদায়ে বাধার সৃষ্টি করে গণ্ডগোল বাধাচ্ছে - The News Lion

বেশ কয়েকজন লরি মালিক পালশিটে টোল আদায়ে বাধার সৃষ্টি করে গণ্ডগোল বাধাচ্ছে



দি নিউজ লায়ণঃ    বেশ কয়েকজন লরি মালিক পালশিটে টোল আদায়ে বাধার সৃষ্টি করছে। তারা নিজেরা টোল দিচ্ছে না। স্থানীয় বলে টোল না দিয়েই লরি নিয়ে যাতায়াত করছে তারা। এনিয়ে বলতে গেলে টোলের কর্মীদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগে টোলপ্লাজার তরফে জানানো হয়েছে, কয়েকজন লরি মালিক নিয়মিত টোলপ্লাজার সামনে গণ্ডগোল বাধাচ্ছে। তারা টোল দিচ্ছেনা। টোলের টাকা চাইতে গেলে লরি লেনে দাঁড় করিয়ে দিচ্ছে। কয়েকজন অবৈধভাবে গাড়ি থেকে টোল আদায় করছে। সুষ্ঠভাবে টোল আদায়ে বাধা দিচ্ছে। 


কিছুদিন আগে ব্যারিয়ার ভেঙে লরি নিয়ে পালানোর চেষ্টা করা হয়। ধরতে গেলে টোলের এক কর্মীকে পিষে মারার চেষ্টা করা হয়। এর পিছনে স্থানীয় কয়েকজনের মদত রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এমনকি রাস্তার মাঝে গাড়ি দাঁড় করিয়ে অন্য গাড়ির যাতায়াতে সমস্যার সৃষ্টি করছে গাড়ির চালকারা।  গাড়ি দাঁড় করানোর ফলে ভিআইপি লেন দিয়ে যাতায়াতে সমস্যা হচ্ছে। আটকে পড়ছে অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড ও পুলিসের গাড়ি। কয়েকজন আবার টোল প্লাজার সামনে দাঁড়িয়ে অবৈধভাবে গাড়ি থেকে টাকা আদায় করছে। এর পিছনে স্থানীয় কয়েকজনের মদত ও ষড়যন্ত্র রয়েছে বলে টোলপ্লাজার দায়িত্বে থাকা সংস্থার অভিযোগ। এর ফলে সরকারের রাজস্ব আদায় ব্যাহত হচ্ছে। 


এনিয়ে টোলপ্লাজার দায়িত্বে থাকা সংস্থার তরফে মেমারি থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে সংস্থার তরফে। অভিযোগ পেয়ে কেস রুজু করেছে থানা। যদিও কেউ গ্রেপ্তার হয়নি। বাসিন্দাদের অভিযোগ, লরিচালকদের সঙ্গে মেমারি থানা ও পালশিট ফাঁড়ির কয়েকজন অফিসারের সখ্য সম্পর্ক রয়েছে। তারা মাঝেমধ্যেই থানায় যায়। সে কারণে ব্যবস্থা নেওয়া হচ্ছেনা। টোলপ্লাজার ঢিল ছোঁড়া দূরত্বে পালশিট ফাঁড়ি। তারপরও কিভাবে রাজস্ব আদায়ে বাধাদান কারীদের বিরুদ্ধে পুলিস কেন ব্যবস্থা নিচ্ছেনা তা নিয়ে প্রশ্ন উঠছে। মেমারি থানার এক অফিসার বলেন, কেস রুজু হয়েছে। তদন্ত চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনমাফিক ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের সঙ্গে পুলিস কর্মীদের সখ্যতার অভিযোগও ঠিক নয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.