বর্ধমান সার্কিট হাউসে রবি ও বোরো চাষের ডি ভি সি' র জল ছাড়া নিয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক শুরু
দি নিউজ লায়নঃ রবি চাষে জল দেওয়া হবে ২৬ ডিসেম্বর থেকে। অন্যদিকে বোরোর জল মিলবে ২৭ জানুয়ারী থেকে। রবি ও বোরো চাষের ডি ভি সি' র জল ছাড়া নিয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকের পর এমনটাই ঠিক হয়েছে। এই বৈঠক অনুষ্ঠিত হয় বর্ধমান সার্কিট হাউসে। এই বৈঠকে হাজির ছিলেন পাঁচ জেলার আধিকারিক ও প্রশাসনিক কর্তাব্যক্তিরা। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান; বাঁকুড়া, হুগলী ও হাওড়া জেলার প্রশাসনের কর্তারা এদিনের বৈঠকে অংশ নেন।
সেচ দপ্তরের সুপারিন্টেণ্ডেন্ট ইঞ্জিনিয়ার দেবাশীষ পড়ুয়া জানান, মোট ৩ লক্ষ ৯০ হাজার ফিট জল এবারে পাওয়া সম্ভব। জানা গেছে, এর দ্বারা মোট ১ লক্ষ ২৭ হাজার ৫০ একর জমি সেচসেবিত হতে পারবে। বৈঠকের শেষে পূর্ব বর্ধমানের সভাধিপতি শম্পা ধাড়া জানান, এ মরশুমে এ জেলায় মোট ৭৮ হাজার একরে চাষিরা জল পাবেন। রবি চাষে জল দেওয়া হবে ২৬ ডিসেম্বর থেকে। অন্যদিকে বোরোর জল মিলবে ২৭ জানুয়ারী থেকে।
জল দেওয়া শেষ হবে ৩০ এপ্রিল। পূর্ব বর্ধমানের জেলাশাসক মহঃ এনাউর রহমান জানান, গতবারের মত একই রকম ভাবে এবারেও জল দেওয়া হবে। জেলা পরিষদের স্থায়ী সমিতিতে বিস্তারিত সূচি আলোচনা হবে। সেচ দপ্তরের পক্ষ থেকে জানা গেছে, রবিতে প্রায় একমাস জল দেওয়া চলবে। প্রতিক্ষেত্রে ৮ থেকে ১০ দিন জল দেবার পর প্রায় ১০ দিনের বিরতি দেওয়া হবে।

Post a Comment