জামবনির হরকি গ্রামে এক ঠিকাদার সংস্থার অস্থায়ী ক্যাম্পে আগুন,মৃত এক শ্রমিক,এলাকায় চাঞ্চল্য
দি নিউজ লায়নঃ রবিবার গভীর রাতে আগুন লাগার ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার জামবনি থানার হরকি গ্রামে। ওই ঘটনায় আগুনে পুড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত শ্রমিকের নাম কৃষ্ণপদ বাড়ুই। জামবনি থানার বালিডিহা থেকে পূর্ণাপানি যাবার নতুন রাস্তা তৈরির কাজ চলছিল। আর সেই রাস্তা নির্মাণের কাজে যুক্ত শ্রমিকদের থাকার জন্যই বানানো হয়েছিল হরকি গ্রামে অস্থায়ী ক্যাম্প।
ঘটনাস্থল থেকে জানা যায় যে কি কারণে ওই ক্যাম্পে আগুন লাগে তা এখনো জানা যায় নি। সেই সময় রাস্তা তৈরির কাজে যুক্ত শ্রমিকরা ওই ক্যাম্পে ঘুমাচ্ছিলেন। রবিবার গভীর রাতে হটাৎ ক্যাম্পে আগুন দেখে ক্যাম্পে থাকা অন্যান্য শ্রমিকেরা সবাই বেরিয়ে এলেও কৃষ্ণপদ বাড়ুই নামে এক শ্রমিক আটকে যায়। স্থানীয় বাসিন্দারা গিয়ে আগুন নেভায়। আগুন নেভানোর পর দেখা যায় যে ক্যাম্পের ভিতরে থাকা এক শ্রমিক আগুনে পুড়ে মারা গিয়েছে।
স্থানীয় বাসিন্দারা বিষয়টি জামবনি থানার পুলিশকে জানায়।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃত দেহ টি উদ্ধার করে সোমবার ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জামবনি থানার পুলিশ কি কারণে ওই ক্যাম্পে আগুন লেগে ছিলো তা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করেছে।

Post a Comment