এটিএম কার্ড বদলে দিয়ে প্রায় তিন লক্ষ টাকা প্রতারণা
দি নিউজ লায়নঃ সাহায্যের অছিলায় এটিএম কার্ড বদলে দিয়ে অভিনব জালিয়াতি। মুর্শিদাবাদের সালার থেকে গ্রেফতার অভিযুক্ত। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম শামিম লস্কর। গত কয়েক মাসে প্রায় তিন লক্ষ টাকা এইভাবে হাতিয়ে নিয়েছে শামিম বলে অভিযোগ।প্রতারণা চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা পুলিশ তা তদন্ত করে দেখছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শামিম আদতে পরিযায়ী শ্রমিক। দিল্লি, মুম্বাই সহ বিভিন্ন শহরে কাজ করতো সে। লকডাউনের সময় কয়েক মাসের জন্য সে মুর্শিদাবাদের সালারে তার শ্বশুরবাড়িতে এসেছিল।
অভিযোগ সেই সময়ে একাধিক ব্যক্তির থেকে এটিএম কার্ড নিয়ে তা বদলে দিয়ে তিন লক্ষ টাকা তুলে নেয় সে। সালার এবং ভরতপুর থানায় বেশ কয়েকটি অভিযোগ জমা পড়ে। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। বিভিন্ন এটিএমে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেন তদন্তকারীরা। ফুটেজ খতিয়ে দেখে শেষ পর্যন্ত গ্রেফতার করা হয় শামিমকে। পুলিশের দাবি, জেরায় প্রতারণার কথা স্বীকার করেছে শামিম। কিভাবে প্রচারণা করত শামিম? পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্বশুরবাড়িতে থাকার সময়ে বিভিন্ন এটিএম কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকত সে।
যখনই কোন বয়স্ক ব্যক্তি বা মহিলা দেখত যারা এটিএম কার্ড ব্যবহার করে টাকা তুলতে তেমনভাবে পটু নন তাদের টার্গেট করত শামিম। টাকা তুলে দেওয়ার অছিলায় তাদের থেকে এটিএম কার্ড সংগ্রহ করত এবং নিমেষের মধ্যে সেই কার্ড বদলে দিতো। এইভাবে ধাপে ধাপে প্রায় তিন লক্ষ টাকা প্রতারণা করে সে।
জেলা পুলিশ সুপার কে সাবেরী রাজকুমার বলেন, মানুষকে সাহায্য করার নাম করে বয়স্ক ব্যক্তি ও মহিলাদের এটিএম কার্ড নিয়ে অল্প সময়ের মধ্যেই হাতসাফাই করে কার্ড বদলে দিত শামিম। তার পরেই আসল কার্ড দিয়ে টাকা তুলত অভিযুক্ত। ধৃত অভিযোগ স্বীকার করে নিয়েছে বলেও দাবি পুলিশের। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সুপার জানান, কিছু টাকা উদ্ধার হয়েছে। সেই টাকা মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।

Post a Comment