রেল ইঞ্জিনের ধাক্কায় মৃত্যু
দি নিউজ লায়নঃ রেল ইঞ্জিনের ধাক্কায় মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রাধিকাপুরে। বুধবার রাতে বাংলাদেশ সীমান্ত লাগোয়া রাধিকাপুরের টাঙ্গন নদীর সেতুতে এই ঘটনা ঘটে। রেল পুলিশ সুত্রে জানা গেছে, মৃতদের নাম জগদীশচন্দ্র রায় (২৭) ও ভগলু রায় (৫৭)। উভয়ের বাড়ি ঘটনাস্থলের পাশের গ্রাম রামগঞ্জে। প্রাথমিক তদন্ত শেষে মৃতদেহ দুটি তুলে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজে পাঠায় জিআরপি। বস্তুত, কালিয়াগঞ্জ ব্লকের টাঙ্গন নদীর একপারে রামগঞ্জ, অপরপারে রাধিকাপুর।
মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই টাঙ্গন নদীর উপর নতুন সেতু হয়েছে। কিন্তু বাজারে আসা যাওয়া করতে বহু মানুষ এখনো শটকার্ট রাস্তা হিসেবে রেলসেতুর উপর দিয়ে যাতায়াত করেন। এদিনও ঠিক এভাবেই রাস্তা দিয়ে রাধিকাপুর বাজার থেকে বাড়ি ফিরছিল রামগঞ্জের বেশ কয়েকজন। সন্ধ্যায় কলকাতা এক্সপ্রেস রাধিকাপুর স্টেশন ছেরে যাবার কিছু সময় বাদে একটি ইঞ্জিন কাটিহারের দিকে যাচ্ছিল।
দূর্ভাগ্যবশত রামগঞ্জের ৪ জন বাসিন্দা সে সময় টাঙ্গন সেতুর মাঝে, সেই সময় দ্রুতগতিতে চলে আসে রেলের ইঞ্জিন। প্রান বাঁচাতে দুজন নদীতে লাফিয়ে পড়লেও বাকি দুজন সেই সুযোগ পায়নি। সেতুর উপর দ্রুতগতির ইঞ্জিনের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের। পাশাপাশি এই ঘটনার সময় রেলসেতুর পাশেই অবস্হিত রাধিকাপুর পর্যটন কেন্দ্রে ডিজে বাজিয়ে চলছিল পিকনিক। সেই ডিজের আওয়াজ ও শীতের কুয়াশাচ্ছন্ন সন্ধ্যায় রেল ইঞ্জিনের আসার শব্দ না পাওয়াতেই এই দুর্ঘটনা বলে অনেকের অভিমত। তবে এর পেছনে আসল কি কারন রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রেল পুলিশ।
Post a Comment