আদালতে সাঈদী, পেছাল অভিযোগ গঠনের শুনানি
ঢাকা প্রতিনিধি : জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ৬ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। ইসলামিক ফাউন্ডশনের যাকাত তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে এই মামলা করা হয়েছে। পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালত-১ এ আজ সোমবার এই মামলায় অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষের আইনজীবীরা মামলার যাবতীয় নথিপত্র না পাওয়ায় শুনানির প্রস্তুতি গ্রহণ করতে পারেননি জানিয়ে সময় আবেদন করেন।
পরে আদালতের বিচারক সৈয়দা হোসনে আরা সময় আবেদন মঞ্জুর করে আগামী ১১ জানুয়ারি অভিযোগ গঠনের শুনানির পরবর্তী দিন ধার্য করেন। এদিকে, সাঈদীর আইনজীবীরা তাকে শুনানি উপলক্ষে প্রিজনভ্যানে না এনে মাইক্রোবাসে আনার আবেদন করেন। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো আদেশ দেননি বিচারক। এর আগে কাশিমপুর কারাগার থেকে সোমবার সকাল পৌনে ১০টার দিকে সাঈদীকে অস্থায়ী আদালতে হাজির করা হয়।
দেলাওয়ার হোসাইন সাঈদী ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ কাউন্সিলের সহকারী পরিচালক মো. আব্দুল হক, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মোহাম্মদ লুৎফুল হক, বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুস, মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্টের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ এবং ইসলামী সমাজকল্যাণ কেন্দ্রের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন। আসামিদের মধ্যে কারাগারে আছেন শুধু দেলাওয়ার হোসাইন সাঈদী। পলাতক রয়েছেন আবুল কালাম আজাদ ও আব্দুল হক। এ ছাড়া বাকি তিন আসামি জামিনে রয়েছেন।

Post a Comment