পশ্চিম মেদিনীপুর জেলায় তিনটি পৃথক দুর্ঘটনায় আহত দশজন, মৃত একজন
দি নিউজ লায়নঃ রবিবার রাত্রি বারোটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা, দাসপুর ও মেদিনীপুর সদর ব্লকের মোহনপুর সেতুর কাছে পরপর তিনটি পৃথক পথ দুর্ঘটনা ঘটে। যার ফলে দশ জন আহত হয় এবং একজনের মৃত্যু হয় ।পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার বেহালা এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি ছোট টেম্পুকে পুরী থেকে কলকাতাগামী একটি মারুতি গাড়ি ধাক্কা মারে। যার ফলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।মারুতি গাড়ি তে থাকা পাঁচজনকে বেলদা থানার পুলিশ আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে।
আহত সকলেই পুরী থেকে কোলকাতা ফিরে যাচ্ছিল বলে পুলিশ সূত্রে জানা যায়। অপরদিকে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সামাট এলাকার রামগড়ের কাছে একটি ডাম্পারের সাথে একটি মারুতি গাড়ির সংঘর্ষ হয়। সেই মারতি গাড়িতে থাকা পাঁচজন রক্তাক্ত অবস্থায় গাড়ি থেকে ছিটকে পড়ে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা রবিবার রাতে ঘটনাস্থলে যায়। বিষয়টি জানার পর ঘটনাস্থলে দাসপুর থানার পুলিশ আসে।পুলিশ আহতদের উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করে। তাদের মধ্যে তিনজনের অবস্থা সঙ্কটজনক।আর রবিবার রাত 12:40 মিনিট নাগাদ তৃতীয় দুর্ঘটনাটি ঘটে মেদিনীপুর সদর ব্লকের মোহনপুর ব্রিজের সামনে 60 নম্বর জাতীয় সড়কে।
খড়গপুর থেকে মেদিনীপুর শহরে বাড়ি ফেরার সময় একটি মারুতি গাড়ির ধাক্কায় গুরুতর ভাবে আহত হয় এক বাইক আরোহী। তাকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে ডাক্তার বাবুরা তাকে মৃত বলে ঘোষণা করেন ।মৃত যুবকের নাম সুজিত শর্মা, 25 বছর বয়সী ওই যুবকের বাড়ি মেদিনীপুর শহরের হাতার মাঠ এলাকায় ।কোতোয়ালি থানার পুলিশ মৃতদেহ টি উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজও হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করার জন্য পাঠায়। বেলদা, দাসপুর ও কোতোয়ালি থানার পুলিশ ওই তিনটি পৃথক পথ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

Post a Comment