প্রকাশ্যে এল অযোধ্যার মসজিদ চত্বর ও হাসপাতালের ব্লু-প্রিন্ট
দি নিউজ লায়নঃ রামমন্দিরের পর এবার পাঁচ একর জমিতে প্রস্তাবিত মসজিদ ও হাসপাতাল গড়ে উঠতে সক্রিয় হল সুন্নি ওয়াকফ বোর্ড দ্বারা গঠিত ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন (আইআইসিএফ)। সামনে আনা হল মসজিদ চত্বর ও হাসপাতালের ব্লু-প্রিন্ট। সেখানে দেখা যাচ্ছে, প্রস্তাবিত এই মসজিদ তৈরি হচ্ছে পুরোপুরি পাশ্চাত্য স্থাপত্যের আদলে।
মূল ভবনে থাকছে আধুনিকতার ছোঁয়া। মসজিদের মাথায় ঐতিহ্য মেনে গম্বুজ থাকলেও তার ধরণ আলাদা। এছাড়া প্রস্তাবিত মাল্টি স্পেশালিটি হাসপাতালের জন্য যে বিল্ডিংটি গড়ে তোলা হবে তা গড়ে উঠবে রীতিমতো ঝাঁ চকচকে ভাবে। মসজিদ চত্বরে তৈরি হবে একটি মাল্টি স্পেশালিটি হাসপাতাল, একটি কমিউনিটি কিচেন, একটি লাইব্রেরি। জানা যাচ্ছে, গোটা মসজিদটি সৌরশক্তিচালিত হবে।
মসজিদের ভিতরের তাপমাত্রা বাড়ানো-কমানোর ব্যবস্থা থাকবে। মসজিদে একসঙ্গে ২০০০ মানুষ বসে নমাজ পড়তে পারবেন। নমাজ পড়তে বসার জায়গাটি হবে গোলাকৃতি। এছাড়া মসজিদ চত্বরে থাকছে পার্কিংয়ের ব্যবস্থাও। সূত্রের খবর অনুযায়ী, ২০২১ এর ২৬ জানুয়ারি প্রস্তাবিত মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে।

Post a Comment