ঝাড়গ্রামে হাতির তাড়ায় প্রাণভয়ে ছুটলেন গ্রামবাসীরা
দি নিউজ লায়নঃ কয়েকদিন ধরে প্রায় 25 টি দাঁতাল হাতি ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের গড় শালবনি অঞ্চলের শালবনী, জোয়ালভাঙ্গা,সিরশী এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। গ্রামবাসীরা বিষয়টি বন দফতরকে জানিয়েছেন। কিন্তু হাতিগুলিকে অন্যত্র পাঠানোর জন্য বন দফতর কোন ব্যবস্থা করেনি বলে গ্রামবাসীদের অভিযোগ। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ জঙ্গল থেকে বেরিয়ে আসে হাতির দল সেই সময় স্থানীয় মাঠে খেলতে থাকা ছেলেদের যেমন হাতির দল তাড়া করে তেমনি পথচলতি গ্রামবাসীদের হাতির দল তাড়া করে। যার ফলে হাতির হামলার হাত থেকে বাঁচার জন্য গ্রামবাসীরা ছুটতে থাকে।
যেভাবে হাতি গুলি গ্রামবাসীদের তাড়া করছে তাতে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল। কিন্তু প্রাণপণে গ্রামবাসীরা ছুটে যে যার নিজের বাড়ির দিকে যায়।যার ফলে অল্পের জন্য গ্রামবাসীরা রক্ষা পায়। সেই সঙ্গে গ্রামবাসীদের আশংকা রাতে গ্রামে ঢুকে ওই হাতির দল তাণ্ডব চালাতে পারে। তাই বন দফতর কে গ্রামবাসীরা বিষয়টি জানায়।
ওই এলাকায় একাধিকবার রাস্তার উপরে হাতি দাঁড়িয়ে থাকায় ঝাড়গ্রাম লোধাসুলী রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেই সঙ্গে হাতির হামলার ঘটনাও একাধিকবার ঘটেছে। কিন্তু বনদফতরের কোন খোঁজ নেই। তাই হাতির হামলার আশঙ্কায় আতংকের মধ্যে রয়েছেন এলাকার বাসিন্দারা। দু-তিন দিন ধরে হাতি গুলি এলাকায় তাণ্ডব চালিয়ে বেশ কয়েকটি ঘর ভাঙচুর করেছে বলে গ্রামবাসীরা জানান। যার ফলে হাতির দলকে নিয়ে চিন্তায় পড়েছেন ওই এলাকার বাসিন্দারা।

Post a Comment