পুকুর থেকে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ২ - The News Lion

পুকুর থেকে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ২



দি নিউজ লায়নঃ   মেমারি থানার সিমলা গ্রামে পুকুর থেকে যুবকের দেহ উদ্ধার হওয়ার ঘটনায় তাঁকে খুনের অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতদের নাম উত্তম রায় ও আন্নু টুডু। সিমলায় উত্তমের বাড়ি। আন্নুর বাড়ি ঝাড়খণ্ডে। বর্তমানে সে সিমলা গ্রামের পাস্তেপাড় এলাকায় থাকে। পুলিস জানিয়েছে, পাস্তেপাড় এলাকার যুবক মানিক টুডু বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ হয়। 


আশপাশের লোকজন ও বন্ধু-বান্ধবদের কাছে মানিকের খোঁজখবর করেন পরিবারের লোকজন। হদিশ না পেয়ে পরিবারের লোকজন শনিবার মেমারি থানায় নিখোঁজ ডায়েরি করেন। এলাকার কয়েকজন বাসিন্দাদের সঙ্গে কথা বলে মানিকের পরিবারের লোকজন জানতে পারেন, তাঁর নিখোঁজ হওয়ার দিন রাত সাড়ে ১২টা নাগাদ পুকুরের পাড় থেকে চিৎকার-চেঁচামেচি শুনতে পান তাঁরা। এরপরই পুকুরে জাল ফেলা হয়। পুকুর থেকে মানিকের মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার বিষয়ে মানিকের দাদা বাবুরাম টুডু থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, ভাইয়ের কপালের পাশে আঘাতের চিহ্ন ছিল। রক্তের দাগও দেখা যায়। ২ দিন ধরে পুকুরে থাকার পরও চাপ দিয়ে পেট থেকে জল বের হয়নি। 


তাঁর সন্দেহ, ভাইকে মেরে জলে ফেলে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে পুলিস জলে ডুবে মানিকের মৃত্যু হয়েছে বলে অনুমান করে। বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন ফের ময়না তদন্তের দাবি জানায়। এমনকি ম্যাজিস্ট্রেটকে দিয়ে ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন মৃতের দাদা। অভিযোগ পেয়ে পরিকল্পনা করে খুন ও প্রমাণ লোপাটের ধারায় মামলা রুজু করেছে পুলিস। সোমবার ভোরে বাড়ি থেকে পুলিস তাদের গ্রেপ্তার করে। এদিনই ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে ধৃতদের ৭ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। ধৃতদের ৪ দিন পুলিসি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ভারপ্রাপ্ত বিচারক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.