নাবালিকা এক ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে নাবালক এক ছাত্র গ্রেফতার
দি নিউজ লায়নঃ নাবালিকা এক ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে নাবালক এক ছাত্রকে গ্রেপ্তার করল হাবরা থানার পুলিশ। বুধবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় হাবরার পৃথিবা এলাকায়। ধৃত নাবালক ছাত্রকে বৃহস্পরিবার পাঠানো হয়েছে বিধাননগরের জুভেনাইল আদালতে। বিচারক তাকে হোমে পাঠানোর নির্দেশ দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে নিহত ছাত্রী পৃথিবা রাধারাণী গার্লস হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী। ধৃত নাবালক ছাত্রও দশম শ্রেণীতেই পড়ত। তারা একই শিক্ষকের কাছে টিউশন পড়ত বলেও জানা গেছে।
সেই সুত্রেই পড়াশুনোর বিষয় নিয়ে ছাত্রীর বাড়িতে আসা যাওয়া ছিল নাবালকের। বছর খানেক ধরে দুই জনের মধ্যে সম্পর্কও তৈরী হয়েছিল বলে জানা গেছে।পরিবার সুত্রে জানা গেছে বুধবার দুপুরে খাওয়া দাওয়ার পর নিজের ঘরে ঘুমাতে চলে যায় ছাত্রীটি। পাশের ঘরে তার ভাই ঘুমাচ্ছিল। এছাড়া বাড়িতেও কেউ ছিলনা ঐ সময়।পরে সন্ধ্যার পর পরিবারের লোকজন বাড়িতে এসে তাকে ঘরের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁদের চিৎকারেই স্থানীয়রা এসে দ্রুত তাকে উদ্ধার করে নিয়ে আসেন হাবড়া হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের লোকজন ছাত্রীর মোবাইল ঘেঁটে দেখতে পান ওইদিন দুপুরে সে নাবালক ছাত্রকে শেষবার ফোন করেছিল।
মৃতের বাবা ইন্দ্রজিৎ পাল হাবরা থানায় ওই নাবালক ছাত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে বুধবার রাতেই নাবালক ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দুই নাবালক প্রেমিক প্রেমিকার মধ্যে ইদানিং সম্পর্কে চিড় ধরেছিল। গত কয়েক দিন ধরে কথাও বন্ধ ছিল তাদের। বুধবার দুপুরে ওই ছাত্রী ওই নাবালক প্রেমিককে বার বার ফোন করে। কিন্তু সে ফোন ধরেনি। এরপর মানসিক অবসাদে ওই ছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মঘাতী হয়। মৃতের বাবা ইন্দ্রজিৎ পাল বলেন তাদের মধ্যে সম্পর্ক ছিল। আমরা নিশ্চিত ওই ছেলেটি আমার মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে। মেয়ের মৃত্যুর জন্য সে দায়ী।

Post a Comment