পরিবর্তনের পরিবর্তন চাই, আমরা জিতবো, নতুন বাংলা গড়বো
দি নিউজ লায়নঃ পরিবর্তনের পরিবর্তন চাই। আমরা জিতবো, নতুন বাংলা গড়বো। বিজেপিতে যোগ দিয়ে প্রথম জনসভায় এমনই কথা বললেন বিজেপির শুভেন্দু অধিকারি। তাঁর কান্দরায় জনসভায় উপস্থিত থাকার কথা থাকলেও তিনি যান নি। তবে শুভেন্দুবাবু পূর্বস্থলীর ছাতনীতে প্রথম জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, “এই সভায় মূল বক্তা রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
আমি একজন সাধারণ কর্মী হিসাবে বক্তব্য রাখার সুযোগ পেয়েছি। শুভেন্দু অধিকারি বিশ্বাসঘাতক নয়। আমি পাটিকে বলবো আমাকে এম এল এর টিকিট দেওয়ার দরকার নেই। ২৪ ঘন্টার মধ্যে ১৬ ঘন্টা দলের জন্য খাটবো। কিছুই লাগবে না। নতুন বাংলা গড়বো, তাই পরিবর্তনের পরিবর্তন চাই। “এদিন শুভেন্দুবাবু তাঁর স্বভাব সিদ্ধ ভঙ্গিতে তৃনমূল কংগ্রেসকে আক্রমণ করে বলেন, “ওই দলটা (তৃণমূল কংগ্রেস) কোম্পানিতে পরিণত হয়ে গেছে। দলটা রাজনৈতিক দল নেই। দলটা দেশদ্রোহীরা চালাচ্ছে। তাই যাদের আত্মসম্মান বোধ আছে তারা তৃনমূল কংগ্রেস করতে পারে না, পারে না।
আমি যোগ দেওয়ার আগে দিলীপ দা, কৈলাশজীর সাথে কথা বলি, তখন ওনারা বলেন কোন শর্ত নেই। একটাই শর্ত তোলাবাজ ভাইপোর হাত থেকে বাংলাটাকে বাঁচান।“ এদিন কান্দরার সভার পর পূর্বস্থলীর সভায়ও বিজেপির রাজ্য সভাপতি কান্দরা মাঠ ছোট ও মাঠ না দেওয়া অভিযোগ তোলেন। দিলীপবাবু বলেন, “দেশ স্বাধীনতার পর মানুষ কংগ্রেস দেখেছে, সিপিএম দেখেছে, তৃণমূল কংগ্রেসের ১০ বছর হয়ে গেলো, কিন্তু বাংলার কোনো পরিবর্তন হলো না।
পরিবর্তন হয়েছে পিসি, ভাইপো আর কিছু নেতার। বাকি মানুষ সেই রকমই আছে। তাই পরিবর্তনের পরিবর্তন চাই।“ তবে পূর্বস্থলীর সভায়ও মূল আক্রমণের লক্ষ্য ছিল রাজ্য সরকার ও তৃনমূল কংগ্রেস। বিজেপির পূর্বস্থলীর সভায় উপস্থিত ছিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া কালনার বিধায়ক বিশ্বজিৎ কুন্ডুও হাজির ছিলেন।

Post a Comment