৬ বছর পর মোহামেডান-আবাহনীর ঐতিহ্যের লড়াই
ঢাকা প্রতিনিধি : ঐতিহ্যের লড়াই আজ। প্রথমবারের মতো চিরপ্রতিদ্বন্দ্বীতায় শুরু হচ্ছে আবাহনী-মোহামেডানের মৌসুম। ৬ বছর পর ফেডারেশন কাপে মুখোমুখি হবার অপেক্ষায় দুই দল। দেশি-বিদেশি মিলিয়ে তুলনামূলক শক্তিশালী ধানমন্ডির জায়ান্টরা। বিপরীতে কোচ শন লেন তারুণ্য নির্ভর দল গড়েছেন সাদা-কালো শিবিরে। ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সোয়া সাতটায়। তার আগে এ গ্রুপে পুলিশ এফসির বিপক্ষে মাঠে নামবে শেখ রাসেল ক্রীড়া চক্র। একই ভেন্যুতে বিকাল পৌনে পাঁচটায় শুরু হবে ম্যাচটি।
স্মৃতির পাতায় ধুলোর মোটা আস্তরণ। এসবই যে এখন সোনালী অতীত। আছে শুধু আকাশী-নীল আর সাদা কালো জার্সি। নেই সমর্থক গোষ্ঠীর তর্ক নেই সেই হারানো জৌলুশ। তাই শুধু নামের জন্যই এখনো আলোচনায় ঢাকা-মোহামেডান দ্বরথ। কুয়াশাছন্ন শীতের সকালে মোহামেডানের প্রস্তুতি শুরু। ফুটবলার ছাপিয়ে দলের মহাতারকার নাম শন লেন। স্পটলাইটটা তাই হেডকোচের দিকেই। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় মোহামেডান ফুটবলারদের গড় বয়স মাত্র ২১ থেকে ২২। বিপরীতে জাতীয় দলের ছয় আর একঝাঁক অভিজ্ঞ ফুটবলারে সমৃদ্ধ ধানমন্ডির জায়ান্টরা।
মামুনুল ইসলাম, সোহেল রানা, সাদ উদ্দিনরা প্রস্তুতি সেড়েছেন জাতীয় দলের ক্যাম্পে। দলের সাথে তিন বিদেশী মাসি, বেলফোর্ড ও তোরেস নিয়মিত অনুশীলনে। আরেক ব্রাজিলিয়ান আগুস্তো সানতোস এখনও যোগ দেননি দলের সঙ্গে। মোহেমডানেরও একই অবস্থা। তিন বিদেশীর খেলা নিশ্চিত, নাইজেরিয়ান ফরোয়ার্ড আবিওলা নুরাত যোগ দিলেও, অনুশীলনের সুযোগ হয়নি এখনো পর্যান্ত। ফুটবলারদের সঙ্গে লড়াইটা দুই মাষ্টার ট্যাকটিশিয়ানেরও। মারিও লেমোস যেমন এই দলটা নিয়ে কাজ করছেন শেষ তিন মৌসুম। তেমনি মোহামেডানকে স্বপ্ন দেখিয়েছেন একজন শন লেন। তার অধীনেই এক মৌসুম আগে লিগ ম্যাচে ৪-০ গোলে আবাহনী বধের গল্প লিখেছিল মতিঝিলের জায়ান্টরা।
অবশ্য ঐ লিগেই একই ব্যবধানে হারিয়ে প্রতিশোধও নেয় আকাশী-নীলরা। ২০১৬ সালের পর আবাহনী মোহামেডান মুখোমুখি হয়নি ফেডারেশন কাপে। পেশাদার অধ্যায়ে আবাহনী অনেক এগিয়ে। ১১ জয় আকাশী-নীলদের। বিপরীতে সাদা কালোরা জিতেছে মাত্র ৫ টিতে। ড্র হয়েছে ৮ ম্যাচ। মোট ২৪ দেখায় দুই দল গোল করেছে ৪৫টি। যার মধ্যে মোহামেডান কনসিড করেছে ২৮ গোল, বিপরীতে আকশী নীল জালে মাত্র ১৭ গোল সাদা কালোদের। জৌলুষ হারানো আবাহনী-মোহামেডানের লড়াই রঙ্গীন করতে পারেন ফুটবলাররা নিজেদের পারফরম্যান্স দিয়ে।

Post a Comment