একুশে শুভেন্দুই মুখ্যমন্ত্রী!
দি নিউজ লায়নঃ শুভেন্দু অধিকারীকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন তাঁরই ঘনিষ্ঠ তৃণমূল নেতা কনিষ্ক পণ্ডা। তাঁর দাবি, একুশে শুভেন্দুই মুখ্যমন্ত্রী হবেন। শনিবার কনিষ্ক বলেন, “মেদিনীপুরের ছেলে মুখ্যমন্ত্রী হবে অপেক্ষা করুন।” কনিষ্কর এহেন মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে স্বাভাবিক জোরাল আলোচনা শুরু হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে এদিন কাঁথিতে দেওয়ালে গেরুয়া রং করে শুভেন্দু অধিকারী সহায়তা কেন্দ্র খুললেন তাঁর অনুগামীরা।
এমনকী, গেরুয়া রং-এর পাঞ্জাবী পরে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতেও পিছপা হলেন না শুভেন্দু অনুগামী হিসেবে পরিচিত তৃণমূল নেতা কনিষ্ক পণ্ডা! কনিষ্ক বলেন, “দিদির সব কিছু ঢপ। বাংলার মানুষ বুঝে গিয়েছেন শুভেন্দুকেই দরকার। আর ত্যাগ বলতে গেরুয়া।”
তবে নন্দীগ্রামের বিধায়কের রাজনৈতিক অবস্থান কী হতে চলেছে, তা স্পষ্ট করেননি কনিষ্ক। তিনি বলেন, ‘অবস্থান একেবারে স্পষ্ট শুভেন্দু অধিকারী বরাবরই করে এসেছেন। আজকে নতুন করে কিছু নেই তো। তাড়ালে আমরা চলে যাব। শুভেন্দু অধিকারী কোনওভাবে পদের লোভী নন। আমাদের কাছে ক্লিয়ার – তুমি তাড়াওনি, আমি যায়নি।’

Post a Comment